শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৫:৫৩, ১৭ মে ২০২৬ | আপডেট: ২০:১৫, ১৭ মে ২০২৬
নারায়ণগঞ্জের ফতুল্লায় এলাকায় ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আটকরা হলেন সানি (২০) ও সিয়াম (২১)। তারা বন্দর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। শনিবার (১৬ মে) দিবাগত রাত ১১টার দিকে কাশিপুর হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আটক দুই যুবক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। এছাড়া তারা বন্দর থানা যুবলীগের সাবেক সভাপতি ও চিহ্নিত সন্ত্রাসী খান মাসুদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও এলাকায় পরিচিত।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কাশিপুর হাটখোলা এলাকায় হঠাৎ করেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন কর্মী ঝটিকা মিছিল বের করে। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দিতে থাকে।
খবর পেয়ে কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মণ্ডলের নেতৃত্বে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিলে ধাওয়া দেন। ধাওয়ার একপর্যায়ে সানি ও সিয়ামকে আটক করতে সক্ষম হন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মণ্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকাবাসীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঝটিকা মিছিল থেকে আটক দুইজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, কাশিপুরে মিছিল করার সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ধাওয়া দিয়ে দুইজনকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।
আটককৃতদের বিরুদ্ধে পূর্বে কোনো মামলা রয়েছে কি না, সে বিষয়ে বন্দর থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে খোঁজ নেওয়া হচ্ছে।