নারায়ণগঞ্জ  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬

আড়াইহাজারের ৩৮ পূজামণ্ডপ পরিদর্শনে এমপি আজাদ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৩:৪১, ১৯ অক্টোবর ২০২৬

আড়াইহাজারের ৩৮ পূজামণ্ডপ পরিদর্শনে এমপি আজাদ

‎‎শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ৩৮টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা) নজরুল ইসলাম আজাদ। 

‎‎এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

‎‎গতকাল রাতে আড়াইহাজার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি দুর্গোৎসবের সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজ নেন। উৎসব নির্বিঘ্নে উদ্‌যাপন এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

‎‎এ সময় এমপি নজরুল ইসলাম আজাদ বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার।’ তাঁর নির্দেশনা অনুযায়ী, পূজামণ্ডপগুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।”

‎‎তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্প্রীতির পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব। সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপন করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থাকতে হবে।

‎‎পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুর রহমান, সহকারী অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লুৎফুর রহমান আব্দু,আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন