শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৫:৫০, ১১ মে ২০২৬ | আপডেট: ১৫:৫১, ১১ মে ২০২৬
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নাম ও পদবি ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন সংগঠনের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ।
সোমবার (১১ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, সম্প্রতি মহানগর যুবদলের আওতাধীন বিভিন্ন ইউনিটের নাম ব্যবহার করে কিছু ব্যক্তি দলীয় শৃঙ্খলাবিরোধী ও অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে, যা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।
নেতৃদ্বয় বলেন, “সংগঠনের ভাবমূর্তি রক্ষায় আমরা আপসহীন। দলের নাম ব্যবহার করে যারা অপকর্মে লিপ্ত হবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের এই সংগঠন কোনো অপশক্তির অপকর্মের ঢাল হতে পারে না।”
বিবৃতিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন থানা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে এমন কিছু ব্যক্তি রয়েছেন, যারা বর্তমান কমিটিতে পদপ্রাপ্ত নন, এমনকি কেউ কেউ প্রাথমিক সদস্যও নন। অথচ তারা নিজেদেরকে সংগঠনের দায়িত্বশীল পরিচয় দিয়ে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। এতে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং সংগঠনের দীর্ঘদিনের সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংগঠনের শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে মহানগর যুবদল তিন দফা নির্দেশনা জারি করেছে।
নির্দেশনাগুলো হলো:
১. পরিচয় ব্যবহারে নিষেধাজ্ঞা : সংগঠনের নাম ও পদবি ব্যবহার করে কোনো ধরনের অননুমোদিত কার্যক্রম পরিচালনা থেকে সবাইকে বিরত থাকার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
২. ব্যক্তিগত দায়ভার : সংগঠনের নাম-পদবি ব্যবহার করে কেউ ব্যক্তিগত স্বার্থসিদ্ধি বা অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে তার দায়ভার সংগঠন নেবে না। সংশ্লিষ্ট ব্যক্তিকেই সম্পূর্ণ দায় বহন করতে হবে।
৩. সাংগঠনিক ও আইনি ব্যবস্থা : পরিচয় জালিয়াতি, বিভ্রান্তি সৃষ্টি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি প্রচলিত আইনে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ সাধারণ জনগণকে এ ধরনের স্বার্থান্বেষী ও ভুয়া পরিচয়দানকারী ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।