নারায়ণগঞ্জ  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬

বন্দরে মসজিদের অর্থ আত্মসাতের প্রতিবাদ করায় যুবদল নেতার উপর হামলা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:৩৯, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

বন্দরে মসজিদের অর্থ আত্মসাতের প্রতিবাদ করায় যুবদল নেতার উপর হামলা

বন্দরের নবীগঞ্জ ইসলামবাগ এলাকায় দীর্ঘদিন ধরে মসজিদ ও সমাজের বিভিন্ন খাতের আয়-ব্যয়ের অনিয়মের প্রতিবাদ করায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ রানার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি বন্দর থানায় ১১ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎অভিযোগে অভিযুক্তরা হলেন-  মো. খোকন ভেন্ডার (৪৭), মো. সামেদ হাজী (৬০), মো. আবুল মিয়া (৬০), মোহাম্মদ আলী (৫০), মো. মাহবুর (৫২), মো. সিরাজ মিয়া (৫৮), মো. সফিউল্লাহ (৫২), মো. গোলাম হোসেন (৫০), মো. নাজমুল (৪৮), মো. রায়হান (২৫), মো. শহীদউল্লাহ (৪৪)। অভিযুক্তরা সকলেই নবীগঞ্জ ইসলামবাগ এলাকার বাসিন্দা।
‎‎লিখিত অভিযোগে মাসুদ রানা উল্লেখ করেন, নবীগঞ্জ ইসলামবাগ এলাকায় দীর্ঘ ৩০ বছর ধরে স্থানীয় মসজিদ, মাদরাসা ও সমাজের বিভিন্ন খাতের আয়-ব্যয় নিয়ে বিরোধ চলছিল। 

অভিযুক্তরা মসজিদের চামড়া বিক্রির অর্থ, হাটের আয়, দোকান ভাড়া (মাসিক প্রায় ৪০ হাজার টাকা), জুমার অনুদান (মাসিক প্রায় ৫০ হাজার টাকা)সহ বিভিন্ন খাত থেকে গত তিন দশকে আনুমানিক ৩ কোটি ৭৫ লাখ টাকার প্রকৃত হিসাব প্রদান না করে আত্মসাৎ করেছেন।

‎‎তিনি আরও জানান, এসব অনিয়মের বিষয়ে প্রশ্ন তোলায় অভিযুক্তরা তার উপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়ে আসছিলেন। সর্বশেষ গত ১৪ ফেব্রুয়ারি রাত আনুমানিক আড়াইটার দিকে ইসলামবাগ এলাকায় মসজিদ সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে গেলে অভিযুক্তরা দলবল নিয়ে তার ওপর চড়াও হন। 

এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং মারধরের চেষ্টা করা হয়। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করলে অভিযুক্তরা প্রাণনাশসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
‎‎বর্তমানে তিনি নিজেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন এবং যে কোনো সময় তার ব্যবসায়িক ক্ষতিসহ জানমালের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।
‎এ বিষয়ে বন্দর থানায় এএসআই হাবিবুর রহমান বলেন, এবিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন