নারায়ণগঞ্জ  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:২৮, ২৬ জুন ২০২৬

সিদ্ধিরগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১২ কর্মী-সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- মো. সোহাগ, আনিস সরকার, মো. সাব্বির হোসেন, মো. আবির হোসেন, তন্ময়, ওয়ালিদ, মাহফুজ আলম, আবিদ, ইমতিয়াজ আহমেদ ইমন, তাওহিদ ইসলাম, মো. রিয়াদ ও মো. সোহেল। 

তাদের বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে এবং তারা ঢাকার ডেমরা ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার বাসিন্দা। শুক্রবার (২৬ জুন) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ইউটার্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি ব্যানার ও বেশ কিছু পোস্টার উদ্ধার করা হয়েছে।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে কৌশলে পালিয়ে যান মিছিলের নেতৃত্বদানকারী ঢাকা মহানগর দক্ষিণ দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাসরিফ আল নোমান। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের মৌচাক ইউটার্নে চট্টগ্রামগামী লেনে ছাত্রলীগের একদল নেতাকর্মী ঝটিকা মিছিলের জন্য জড়ো হন। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক সেখানে অভিযান চালালে মিছিলের চেষ্টা পণ্ড হয়ে যায় এবং ঘটনাস্থল থেকেই ১২ জনকে গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃতরাথানা হেফাজতে রয়েছে। নিষিদ্ধ সংগঠনের ব্যানারে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পলাতক ছাত্রলীগ নেতা তাসরিফ আল নোমানসহ জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

 

আরও পড়ুন