নারায়ণগঞ্জ  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬

 

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:২৩, ১৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:২৩, ১৮ অক্টোবর ২০২৬

 

আগামীকাল সোমবার (১৯ অক্টোবর) সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী। মহাষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জের চাষাড়া রামকৃষ্ণ মিশন আশ্রমে।

এবারের কুমারী পূজায় দেবী রূপে আসনে বসতে যাচ্ছে সাড়ে ছয় বছর বয়সী শিশু শ্রেয়সী ভট্টাচার্য। সে শহরের গলাচিপা এলাকার বাসিন্দা চিকিৎসক ডা. সুমন ভট্টাচার্য ও অর্পিতা ভট্টাচার্য দম্পতির কন্যা এবং ভরদ্বাজ (ব্রাহ্মণ) গোত্রের সন্তান।

আশ্রম কর্তৃপক্ষ জানিয়েছে, কুমারী পূজাকে কেন্দ্র করে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উৎসবমুখর পরিবেশে কাল সকাল থেকে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা।

পূজার সার্বিক তাৎপর্য তুলে ধরে নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ বলেন, “নারী হলো মায়ের প্রতীক। জগতের সকল নারীর প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর জন্যই বিবেকানন্দের আদর্শ মেনে এই কুমারী পূজার আয়োজন করা হয়।

যে সমাজে নারীরা শান্তিতে নেই বা সম্মানিত নয়, সেই সমাজ কখনোই শান্তিতে থাকতে পারে না। বিশ্ব চরাচরের কল্যাণ এবং নারীদের মর্যাদা অক্ষুণ্ণ রাখার লক্ষ্যেই আমরা মাতৃজ্ঞানে এই পুষ্পসদৃশ বালিকাকে পূজা করি।”

এদিকে নিজের ছোট্ট কন্যাসন্তানকে দেবী রূপে দেখতে পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে শ্রেয়সীর বাবা ডা. সুমন ভট্টাচার্য বলেন, “এটি আমাদের পরিবারের জন্য অত্যন্ত পরম সৌভাগ্য ও গর্বের বিষয়। কুমারী মায়ের কাছে আমাদের প্রার্থনা, তিনি যেন দেশ ও পৃথিবীর সকল মানুষের মঙ্গল করেন এবং পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনেন।”

শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী, কাল সকালে প্রথমে কুমারী রূপী শ্রেয়সীকে স্নান করিয়ে নতুন লাল শাড়ি, গহনা ও পায়ে আলতা পরিয়ে দেবীর সাজে সাজানো হবে। এরপর বিশেষ আসনে বসিয়ে তার পায়ে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন রামকৃষ্ণ মিশনের মহারাজ ও পুরোহিতরা। ধূপ, দীপ, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখরিত হবে আশ্রম প্রাঙ্গণ।

এদিকে পূজা আয়োজন সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ রাখতে আশ্রম এলাকা ও আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মহাষ্টমী ও কুমারী পূজার সময়সূচি :

সকাল ০৬:৩০ মিনিট: দুর্গাদেবীর মহাষ্টমী বিহিত পূজা শুরু। সকাল ০৯:৩০ মিনিট: কুমারী পূজার মূল আনুষ্ঠানিকতা এবং আসনে উপবেশন। সকাল ১০:৩০ মিনিট: মহাষ্টমীর পুষ্পাঞ্জলি প্রদান। দুপুর ১২:০০ মিনিট: ভক্ত ও দর্শনার্থীদের মাঝে দেবীর মহাপ্রসাদ বিতরণ। বিকাল ০৪:২৫ মিনিট থেকে বিকেল ০৫:১৩ মিনিট: সন্ধিপূজা (অষ্টমী ও নবমী তিথির মিলনক্ষণ)।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন