শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:৫৩, ১৫ অক্টোবর ২০২৬
নারায়ণগঞ্জ সদর উপজেলায় পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের কর্মী নিয়োগ নীতিমালা বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে সদর উপজেলা কনফারেন্স কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় এলজিইডির পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান (আরআরএমইপি) প্রকল্পের আওতায় সড়ক রক্ষণাবেক্ষণ কর্মী নিয়োগসংক্রান্ত নীতিমালা বিষয়ে মতপ্রকাশ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব এস এম ফয়েজ উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের নিয়োগ কার্যক্রমকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানান। তিনি বলেন, নির্ধারিত নীতিমালা যথাযথভাবে অনুসরণ করে দক্ষতার সঙ্গে কাজ করতে সক্ষম প্রকৃত উপকারভোগীদের নিয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও নীতিমালার যথাযথ অনুসরণ নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা প্রকৌশলী জনাব ইয়াসির আরাফাত বলেন, সরকারের এ উদ্যোগের মাধ্যমে প্রতিটি ইউনিয়নে ১০ জন করে দরিদ্র ও দুস্থ নারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে নিয়োজিত কর্মীদের মাধ্যমে এলাকার সড়ক ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ক্ষতিগ্রস্ত সড়কের ছোটখাটো মেরামতকাজ সম্পন্ন করা সম্ভব হবে। এর ফলে একদিকে পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, অন্যদিকে স্থানীয় সড়ক অবকাঠামোর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও জনস্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সহায়তা করবে।
তিনি আরও বলেন, নিয়োগ কার্যক্রমকে স্বচ্ছ, সুষ্ঠু ও নীতিমালাভিত্তিক করতে ইউনিয়ন পরিষদসহ সংশ্লিষ্ট সকলকে যথাযথভাবে অবহিত করা হয়েছে। প্রকৃত উপকারভোগী নির্বাচন এবং নিয়োগসংক্রান্ত নির্দেশনা অনুসরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় প্রকল্পের নিয়োগ নীতিমালা, উপকারভোগী নির্বাচনের যোগ্যতা, বাছাই প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্ব ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, নারায়ণগঞ্জ সদর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, প্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।