শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৬:০৬, ১৬ অক্টোবর ২০২৬
আড়াইহাজারে নাদিম আকন্দ (৩৬) নামে এক শ্রমিকের গলায় রশি পেঁচানো হাত-পা বাধা বস্তাবন্দি পচন ধরা লাশ স্ত্রীর পরকীয়া প্রেমিকের বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যভান্দী গ্রামের বাতেন মিয়ার ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এরআগে গত বুধবার বাসা থেকে কর্মস্থলের উদ্দেশ্যে বেরিয়ে নিখোঁজ হন নাদিম।
নিহত নাদিমের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার উত্তর জাঙ্গালিয়া গ্রামে। তার বাবার নাম জসিম উদ্দিন। তিনি আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ি এলাকায় স্ত্রী খাদিজাকে নিয়ে ভাড়া থাকতেন এবং স্থানীয় একটি মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।
যে ঘর থেকে নাদিমের লাশটি উদ্ধার করা হয় সেই ঘরের ভাড়াটে ছিল হাকিম মোল্লা নামে এক ব্যক্তি। তার বাড়ি নড়াইল জেলায় বলে জানা গেছে। নিহত নাদিমের স্ত্রী খাদিজার সঙ্গে হাকিমের দীর্ঘদিন পরকীয়া প্রেম ছিল বলে জানা গেছে।
ঘটনার পর থেকে হাকিম পলাতক রয়েছে। পুলিশের ধারণা পরকীয়া প্রেমের কারণেই নাদিমকে হত্যার পর পালিয়ে গেছে হাকিম।
যে ঘর থেকে নাদিমের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে সেই ঘরের বাইরে বিভিন্ন স্থানে রক্তের ছাপ পাওয়া গেছে। শুক্রবার হাকিমের ঘর থেকে পঁচা দুর্গন্ধ বের হলে স্থানীয়রা ঘটনাটি পুলিশকে অবহিত করে। পুলিশ এসে হাকিমের ঘর থেকে নাদিমের পচন ধরা বস্তাবন্দি লাশ উদ্ধার করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, লাশটিতে পচন ধরে গেছে। নাদিমের হাত পা বাধা এবং গলায় রশি পেঁচানো ছিল।
ঘরের বাইরে বিভিন্ন স্থানে রক্তের ছাপ পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।