নারায়ণগঞ্জ  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬

আড়াইহাজারে ছাত্রলীগ সভাপতির দেয়া তথ্যে বিদেশি পিস্তল উদ্ধার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৬:০৭, ১৭ অক্টোবর ২০২৬

আড়াইহাজারে ছাত্রলীগ সভাপতির দেয়া তথ্যে বিদেশি পিস্তল উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শরীফকে গ্রেপ্তারের পর তার দেয়া তথ্যমতে তারই বসত ঘর থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। 

গ্রেপ্তার শফিকুল ইসলাম শরীফ (৩১) কৃষ্ণপুরা এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি।

শনিবার (১৭ অক্টোবর) অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ১৬ অক্টোবর ভোরে উপজেলার কৃষ্ণপুরা এলাকায় শরীফের বসতবাড়িতে অভিযান চালিয়ে ওই পিস্তলটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ১০ অক্টোবর শফিকুল ইসলাম শরীফকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। পরে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

রিমান্ডে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার হেফাজতে অবৈধ অস্ত্র থাকার তথ্য পাওয়া যায়।

এরপর শুক্রবার ভোর ৪টা ৫৫ মিনিটে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে নিয়ে কৃষ্ণপুরা এলাকার বসতবাড়িতে অভিযান চালায়। 

এ সময় তার দেখানো মতে বাড়ির উত্তর পাশে একটি সংকীর্ণ স্থানে পলিথিনে বিশেষভাবে লুকিয়ে রাখা সিলভার রঙের একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। 

পিস্তলটির সঙ্গে দুই পাশে কাঠের বাটযুক্ত খালি ম্যাগাজিনও ছিল।

পুলিশ আরও জানায়, উদ্ধার করা অস্ত্রটি জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। 

এ ঘটনায় শফিকুল ইসলাম শরীফের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ধারায় মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন