নারায়ণগঞ্জ  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬

৭নং ওয়ার্ডে কলেরা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ কার্যক্রম সম্পন্ন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:১৫, ১৭ অক্টোবর ২০২৬

৭নং ওয়ার্ডে কলেরা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ কার্যক্রম সম্পন্ন

সিদ্ধিরগঞ্জে আদমজী নাসিক ৭নং ওয়ার্ড এলাকায় ওরাল কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন-২০২৬-এর দ্বিতীয় ডোজ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কদমতলী প্রধান মসজিদসংলগ্ন হাজী আবেদ আলী আইডিয়াল হাই স্কুলে এ কর্মসূচি পরিচালিত হয়।

কদমতলী ৭নং ওয়ার্ড উন্নয়ন ফোরামের সভাপতি মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরীর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মো. আবদুল জব্বার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি শিশুদের নিরাপত্তা নিশ্চিতে অভিভাবক ও শিক্ষকদের সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, অপরিচিত কারও দেওয়া চকলেট, টাকা বা অন্য কোনো প্রলোভনে পড়ে শিশুদের কোথাও যাওয়া উচিত নয়। এ ক্ষেত্রে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিতভাবে সচেতন ভূমিকা পালন করতে হবে।

সভাপতির বক্তব্যে মো. মোশারেফ হোসেন বলেন, এলাকার মানুষের কল্যাণ ও উন্নয়নে তিনি সব সময় পাশে থাকার চেষ্টা করেছেন। ভবিষ্যতেও স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা ও সামাজিক উন্নয়নে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। উল্লেখ্য, এর আগে তিনি বিনামূল্যে চোখ পরীক্ষা ও ওষুধ বিতরণসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রমে ভূমিকা রেখেছেন এবং প্রথম ধাপের ভ্যাকসিন কার্যক্রমেও এলাকাবাসীকে সহযোগিতা করেছেন।

বিশেষ অতিথি ছিলেন জামায়াতের নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারি মো. জামাল হোসাইন, সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানার আমির মো. কফিল আহমেদ, সিদ্ধিরগঞ্জ পূর্ব থানার নায়েবে আমির আবদুল গফুর মোল্লা এবং কদমতলী ৭নং ওয়ার্ডের সভাপতি মো. কাউছার আলম চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্ডের সেক্রেটারি মাহমুদুল হাসান রাসেল।

কর্মসূচিতে কলেরা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা, নিরাপদ পানি পান এবং স্বাস্থ্যকর্মীদের পরামর্শ অনুযায়ী ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানানো হয়। উপস্থিত ব্যক্তিরা আশা প্রকাশ করেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন