নারায়ণগঞ্জ  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬

শীতলক্ষ্যার জায়গা দখল করে দেয়াল নির্মাণ বন্ধ করল বিআইডব্লিউটিএ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:১৪, ১৮ অক্টোবর ২০২৬

শীতলক্ষ্যার জায়গা দখল করে দেয়াল নির্মাণ বন্ধ করল বিআইডব্লিউটিএ

বন্দরে সীমানা পিলার উপড়ে ফেলে দেয়াল নির্মাণের মাধ্যমে শীতলক্ষ্যা নদীর জায়গা পুনরায় দখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে ২৫ নং ওয়ার্ডের চৌরাপাড়া -লক্ষণখোলা এলাকার সোহাগপুর টেক্সটাইল মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে। 

খবর পেয়ে রোববার (১৮ অক্টোবর) নদীর জায়গা দখল করে দেওয়াল নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার নদীর জায়গায় ওপর সীমানা দেয়াল নির্মাণের কাজ শুরু করে সোহাগপুর টেক্সটাইল মিল কর্তৃপক্ষ। স্বল্প সময়ের মধ্যে তারা অধিকাংশ জায়গাজুড়ে দেয়াল নির্মাণের কাজ সম্পন্ন করে ফেলে।

এলাকাবাসী জানান, প্রায় ৬ বছর আগে ২০২০ সালের জানুয়ারি মাসে বিআইডব্লিউটিএ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালিয়ে সোহাগপুর টেক্সটাইল মিলের অবৈধ দখলে থাকা প্রায় চার একর জমি উদ্ধার করে। এরপর স্থানটিতে কাঁটাতারের বেড়া স্থাপন করা হয়। 

কিন্তু সম্প্রতি সেই কাঁটাতারের বেড়া ও বিআইডব্লিউটিএর সীমানা পিলার তুলে ফেলে স্থায়ী দেয়াল তোলা হচ্ছিল। এতে উদ্ধার হওয়া নদীর জায়গা পুনরায় হাতছাড়া হওয়ার আশংকা দেখা দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মোহাম্মদ মিজানূর রহমান জানান, নদীর জায়গা দখলের খবর পেয়ে রোববার সেখানে আমাদের কর্মকর্তাদের পাঠানো হয়। তারা সরেজমিনে ঘটনার সত্যতা পেয়ে দেয়াল নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন।

এ প্রসঙ্গে সোহাগপুর টেক্সটাইল মিলের পরিচালক ইসহাক খান জানান, বিআইডব্লিউটিএ থেকে জায়গাটি মিলের নামে স্থায়ী বন্দোবস্ত (পার্মানেন্ট লিজ) নেওয়া রয়েছে। সেই হিসেবে জায়গাটি মিল কর্তৃপক্ষেরই। 
রোববার বিআইডব্লিউটিএর লোক এসেছিল, তারা অফিসে  যোগাযোগ করতে বলেছেন। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন