নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ঢাকা-সিলেট মহাসড়ক উদ্ধারে হকার উচ্ছেদ অভিযান

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৪২, ১৩ অক্টোবর ২০২৬

ঢাকা-সিলেট মহাসড়ক উদ্ধারে হকার উচ্ছেদ অভিযান

ঢাকা সিলেট মহাসড়কের রূপগঞ্জে ভুলতা গাউছিয়া এলাকায় হকারদের মহাসড়ক দখল করে ভ্রাম্যমান বাজার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল থেকে উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আব্দুল্লাহ বিন শফিক।

রূপগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া থেকে সাওঘাট পর্যন্ত সড়কের দুই লেনের উভয় পাশে অধিকাংশ রাস্তা দখল করে কয়েকশ ভ্যান গাড়ি ও সড়কে চকি ও মাচা বিছিয়ে অবৈধভাবে ভ্রাম্যমান বাজার স্থাপন করেছিল হকাররা।

দীর্ঘদিন ধরে এ ভ্রাম্যমান বাজার গড়ে ওঠায় সড়কের প্রশস্ততা কমে যাওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ বাজার ও জনবহুল এলাকাগুলোতে এসব অবৈধ দখলের কারণে নিয়মিত যানজটের সৃষ্টি হচ্ছে।

এরই প্রতিকারে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে শুরু হওয়া এ অভিযানে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় কয়েকশতাধিক অবৈধ দখলবাজদের উচ্ছেদ করা হয়েছে।

ভুলতা স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে গোলাকান্দাইল ও সাওঘাট এলাকা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্ট্যান্ড, দোকানপাট ও বিভিন্ন স্থাপনা ভেকু দিয়ে ভেঙ ঘুরিয়ে দেওয়া হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, “এর আগেও একাধিকবার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। কিন্তু কিছুদিন পর আবারও ফুটপাত দখল করে দোকানপাট বসানো হয়।

এবার রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায় যাতে নতুন করে কেউ দখল করতে না পারে, সে ব্যবস্থা নেওয়া হবে। ফুটপাত দখলমুক্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে।”

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আব্দুল্লাহ বিন শফিক বলেন, মহাসড়ক দখলমুক্ত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আপাতত ৪০ জন স্বেচ্ছাসেবী নিয়মিতভাবে এখানে কাজ করবেন। পরবর্তী সময়ে সড়কে ডিভাইডার স্থাপন করে যানবাহন চলাচল আরও সুশৃঙ্খল ও নিরাপদ করার উদ্যোগ নেওয়া হবে।”

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন