নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে শ্রমিক দল নেতার কান্ড, দাবিকৃত চাঁদা না পেয়ে ট্রাক চালককে মারধর, হুমকি

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:২১, ১৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:২২, ১৩ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে শ্রমিক দল নেতার কান্ড, দাবিকৃত চাঁদা  না পেয়ে ট্রাক চালককে মারধর, হুমকি

রূপগঞ্জে চাঁদা দিতে অস্বীকার করায় রুবেল (২৬) নামে এক ট্রাক চালকের ওপর হামলা চালিয়ে মারধর করে আহত করার অভিযোগ ওঠেছে তারাব পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফজলুল হক প্রধানের বিরুদ্ধে।

এ ঘটনায় মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী ট্রাক চালক রুবেল বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এর আগে সোমবার রাতে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী ট্রাক চালক রুবেল পটুয়াখালী জেলার গলাচিপা থানার চরবিশ্বাস এলাকার বাসিন্দা জালাল বেপারী ছেলে মো. রুবেল (২৬)। 

রুবেল জানান, তিনি এশিয়ান ট্রেডার্স নামে একটি কোম্পানির ট্রাক চালক হিসেবে কাজ করছেন। 

গত মঙ্গলবার সন্ধ্যায় রুবেল এশিয়ান ট্রেডার্সের মালামাল নিয়ে মৈকুলী কারখানায় প্রবেশ করতে যায়। এসময় তারাব পৌর সেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক ফজলুল হক প্রধান রুবেলের কাছে ১০ হাজার টাকা চাদা দাবি করে। তার দাবিকৃত চাদা না দিলে ট্রাক এশিয়ান ট্রেডার্সের কারখানায় প্রবেশ করতে দিবে না বলে হুমকি ধামকি দিতে থাকে। 

এসময় রুবেল প্রতিবাদ করলে ফজলুল হক প্রধান রুবেলকে এলোপাথাড়িভাবে পিটিয়ে গুরুতর আহত করে। তাঁর সঙ্গে থাকা নগদ ৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। এক পর্যায়ে রুবেলের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ফজলুল হক ও তার লোকজন প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। 

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলে, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন