শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:০৪, ১৩ অক্টোবর ২০২৬
উৎসবমুখর পরিবেশে জমজমাট প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে সম্পন্ন হলো কনভেনার ও কো-কনভেনার কাপ টেনিস টুর্নামেন্ট–২০২৬-এর ফাইনাল খেলা। ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের আয়োজনে গত ৭ অক্টোবর শুরু হওয়া ‘কনভেনার ও কো-কনভেনার কাপ টেনিস টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা মঙ্গলবার (১৩ অক্টোবর) ক্লাব প্রাঙ্গণে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি আলহাজ্ব এম. সোলায়মান। প্রতিযোগিতার শুরু থেকে শেষ পর্যন্ত খেলোয়াড়দের অসাধারণ ক্রীড়ানৈপুণ্য, পারস্পরিক সৌহার্দ্য, ক্রীড়াসুলভ মনোভাব এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই টুর্নামেন্টে চমৎকার ক্রীড়াশৈলী প্রদর্শন করে মোহাম্মদ আলী সোহেল ও সাকিব জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। অন্যদিকে, মোঃ জাহিদ হোসেন ও মোঃ ইকবাল হোসেন জুটি রানার্সআপ, মোঃ সাইফুর রহমান ও ইঞ্জিঃ আমিনুজ্জামান মৃধা জুটি দ্বিতীয় রানার্সআপ এবং মোস্তাফিজুর রহমান ও কৃষ্ণ কুমার সাহা জুটি তৃতীয় রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করেন।
নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের পরিচালনা পর্ষদ টুর্নামেন্টের বিজয়ী, রানার্সআপসহ অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। একই সঙ্গে প্রতিযোগিতাটি সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে টুর্নামেন্টের কনভেনার মোঃ জাহিদ হোসেন এবং কো-কনভেনার আলহাজ্ব মোঃ আসলাম-এর আন্তরিক উদ্যোগ, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টার জন্য বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা, মার্কার, আয়োজক ও সহযোগিতাকারী সকলের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান মারুফ, সহ-সভাপতি আলহাজ্ব ইঞ্জিঃ আমিনুজ্জামান মৃধা, ক্লাবের পরিচালনা পর্ষদ সদস্য জনাব হারুন অর রশিদ, উজ্জল হোসেন ও খান আব্দুল কাদির মাহবুব বাবু সহ বিপুল সংখ্যক ক্লাব সদস্য ও সদস্যপরিবার।