শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:৫২, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:৫৪, ১৪ অক্টোবর ২০২৬
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে উদ্দেশ্য করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেছেন, “আপা, আপনি মুচলেকা দিয়ে জামিন পেয়েছেন।
আর বলেছেন রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হবেন না। আপনি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পূর্বের মতো রক্ত গরম করার রাজনীতি করবেন না। বাসায় একটু আরামে ঘুমান। আপনার বাসায় যাইনি, আপনাকে ডিস্টার্ব করিনি। আপনার সঙ্গে যারা ছিলেন এবং থাকবেন, তাঁদের সবাইকে আইনের আওতায় আনা হবে।”
তিনি আরও বলেন, “আপনি এমন কোনো কাজ করবেন না, যাতে সাধারণ নেতাকর্মীরা বাসায় থাকতে না পারেন।” বুধবার (১৪ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালতপাড়ায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন ও আদালত প্রাঙ্গণে স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্যে ফতেহ মোহাম্মদ রেজা রিপন আওয়ামী লীগকে নিষিদ্ধ সংগঠন এবং ‘জয় বাংলা’কে নিষিদ্ধ স্লোগান বলে মন্তব্য করেন। একই সঙ্গে আইভীকে উদ্দেশ্য করে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান এবং তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর আদালতে শুনানি শেষে বের হওয়ার সময় আইভী ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না, জয় বাংলা’ স্লোগান দেন বলে জানা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।