নারায়ণগঞ্জ  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬

ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা নারায়ণগঞ্জের মানুষ মেনে নেবে না : সাখাওয়াত

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:৫০, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:৫১, ১৪ অক্টোবর ২০২৬

ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা নারায়ণগঞ্জের মানুষ মেনে নেবে না : সাখাওয়াত

‎নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, বাংলাদেশে কোনো ফ্যাসিস্টের স্থান হবে না। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। এখন সেই সরকারকে পুনর্বাসনের কোনো চেষ্টা নারায়ণগঞ্জের মানুষ মেনে নেবে না।

‎‎বুধবার (১৪ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

‎‎সাখাওয়াত হোসেন খান বলেন, “গত ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি বিরল ঘটনা ঘটেছে। ওই দিন ফ্যাসিস্ট সরকার ও তাদের নেতাকর্মীরা পালিয়ে গেছেন। তাদের সংসদ সদস্য ও নেতারাও দেশ ছেড়েছেন। যে সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে, তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে এ দেশের মানুষের ইচ্ছার প্রতিফলন বাধাগ্রস্ত হয়েছে। জনগণের সেই আকাঙ্ক্ষাকে বাস্তবে সমুন্নত রাখতে হবে।”

‎‎তিনি আরও বলেন, “গতকাল আমরা বলেছি, আইন সবার জন্য সমান। সেই সুযোগ নিয়ে আদালত প্রাঙ্গণে রাজনীতি করে ফ্যাসিস্ট সরকারকে আবার পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। নারায়ণগঞ্জের মানুষ আপনাদের সেই অভিলাষ পূরণ হতে দেবে না।”

‎‎আদালত প্রাঙ্গণে স্লোগান ও মিছিলের প্রসঙ্গে তিনি বলেন, গতকাল যারা মিছিল করেছেন এবং স্লোগান দিয়ে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন, তাদের প্রত্যেককে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। ছবি দেখে তাদের গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় ইতোমধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন। বাকিদেরও গ্রেপ্তার করতে হবে।

‎‎সাখাওয়াত হোসেন খান বলেন, “যারা আইন লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ রয়েছে। গ্রেপ্তারের ক্ষেত্রে প্রশাসন কোনো ধরনের গড়িমসি করলে বা ব্যর্থতার পরিচয় দিলে তার দায়ভার সংশ্লিষ্ট প্রশাসনকেই নিতে হবে।”

‎‎বিগত ১৫ বছরের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে বিএনপির নেতাকর্মীদের নানা নির্যাতন ও হয়রানির শিকার হতে হয়েছে। তিনিও সাত মাস কারাগারে ছিলেন। তার সহকর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

‎‎আদালত প্রাঙ্গণের পরিবেশ সুশৃঙ্খল রাখার আহ্বান জানিয়ে সাখাওয়াত বলেন, নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সেখানে কোনো পক্ষ যেন বিভেদ সৃষ্টি করতে বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

‎‎তিনি আরও বলেন, আদালত প্রাঙ্গণে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সে জন্য পুলিশ প্রশাসন, দলীয় নেতাকর্মী ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন