নারায়ণগঞ্জ  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬

জনপ্রতি একটার বেশি অটোরিকশার লাইসেন্স দেয়া যাবে না : সাখাওয়াত

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:২৮, ৭ জুন ২০২৬

জনপ্রতি একটার বেশি অটোরিকশার লাইসেন্স দেয়া যাবে না :  সাখাওয়াত

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, শহরে নতুন করে ব্যাটারিচালিত অটোরিকশার নম্বর প্লেট (লাইসেন্স) দেওয়ার ক্ষেত্রে একজন ব্যক্তিকে একটার বেশি দেওয়া যাবে না। নম্বর প্লেট বা লাইসেন্স দেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হবে। ওই কমিটির সদস্যরাই বিষয়টি নজরে রাখবেন।  

রোববার (৭ জুন) দুপুরে নগরভবনের সম্মেলন কক্ষে এক সভায় তিনি এ কথা বলেন। এ সভায় সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের বাইরেও জেলা পুলিশ, জেলা প্রশাসন, নাগরিক মহল, ব্যবসায়ী ও সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এদের নিয়েই কমিটি গঠন করা হবে বলে জানান সিটি প্রশাসক।

এ সময় সাখাওয়াত বলেন, আপনাদেরকে দায়িত্ব দেওয়ার কারণ হলো- আপনারা ইনকোয়ারি করে নিশ্চিত করবেন যেন একজন ব্যক্তি একটির বেশি লাইসেন্স, লোগো কিংবা প্লেট না পান। কাউকে কোনোভাবেই একটির বেশি দেওয়া যাবে না। এজন্য যদি লাইসেন্সের সংখ্যা কমেও আসে তাও সিদ্ধান্ত নেমে কমিটির সদস্যরা, যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, যারা লাইসেন্স পাবেন, তাদেরকে একটি করে আইডি কার্ড দেওয়া হবে এবং সেই আইডি কার্ডটি আপনারাই নির্ধারণ করে দেবেন। সিটি কর্পোরেশন আওতাধীন এলাকায় সামনে যানজট হবে কি হবে না, তা সম্পূর্ণ আপনাদের ওপর নির্ভর করছে। আপনারা যা চান, ঠিক সেটাই হবে। এই ব্যাপারে আপনাদের পূর্ণ স্বাধীনতা থাকবে। শুধুমাত্র কমিটির সদস্যরাই একসঙ্গে বসে এই বিষয়গুলো নির্ধারণ করবেন।

“যদি কেউ এই নিয়মের ভেতরে ফিরে আসে, তবে তাদেরকে একটি করে লাইসেন্স দেওয়া হবে এবং সেই লাইসেন্সধারী নিজেই গাড়ি চালাবেন,” বলেন তিনি। এই কমিটিতে জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিকেএমইএ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা থাকবেন বলেও জানান সিটি প্রশাসক।

অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন, নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সোহেল রানা, নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা, বিকেএমইএ’র সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনু প্রমুখ।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন