শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:৫৬, ৮ জুন ২০২৬
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। নগরবাসীর জীবনমান উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পরিবেশ সংরক্ষণ এবং নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর কাজ সরেজমিনে ঘুরে দেখেন তিনি।
সোমবার (৮ জুন) দুপুরে তিনি শহরের দেওভোগ জিউস পুকুর পরিষ্কার কার্যক্রম, কালীবাজার শাহেস্তাখাও সড়ক সংস্কার, ১১নং ওয়ার্ডের গোদনাইল পানি শোধনাগার প্রকল্প, সিদ্ধিরগঞ্জ ৮নং ওয়ার্ডের খাল পুনঃ খনন, ১নং ওয়ার্ডের পাগলা বাড়ি খাল পুনঃখনন, ৭নং ওয়ার্ডের কদমতলী খাল পুনঃ খননের কাজের উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রশাসক সংশ্লিষ্ট প্রকৌশলী, কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছ থেকে প্রকল্পগুলোর বর্তমান অবস্থা, কাজের মান এবং নির্ধারিত সময়সীমার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। তিনি কাজের গুণগত মান বজায় রেখে দ্রুততম সময়ে প্রকল্পসমূহ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন। এছাড়াও শহরের পানির কল আনসার ভিডিপি জেলা কার্যালয়ের পরিদর্শন ও বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।
এ সময় অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে তাদের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, নগরবাসীর প্রত্যাশা পূরণে নাসিক বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। এসব প্রকল্প সম্পন্ন হলে জলাবদ্ধতা হ্রাস, পরিবেশের উন্নয়ন, সুপেয় পানির সরবরাহ বৃদ্ধি এবং নগর অবকাঠামোর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয়রা চলমান উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করে প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন, খাল পুনঃখনন ও পানি শোধনাগার প্রকল্প সম্পন্ন হলে এলাকার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সমাধান হবে এবং নগরবাসী সরাসরি উপকৃত হবে।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন, নির্বাহী প্রকৌশলী ইসমাইল চৌধুরী, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।