শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:০২, ১৭ অক্টোবর ২০২৬
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় সাত প্লাটুন বিজিবি নিয়োজিত রয়েছে। এর মধ্যে পাঁচ প্লাটুন নিয়মিত টহলে এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় দুই প্লাটুন রিজার্ভ রাখা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ জিউস আখড়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের (৬২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত।
তিনি জানান, শুক্রবার (১৬ অক্টোবর) থেকে বিজিবি সদস্যরা পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় টহল শুরু করেছেন। দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বিজিবির অধিনায়ক বলেন, পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করে জেলা প্রশাসন, পুলিশ, এসআরবি ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধে সতর্ক নজরদারি রাখা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত আরও বলেন, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণের সচেতনতা, সহযোগিতা ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ।
এ সময় তিনি গুজবে কান না দেওয়া, যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করা এবং সন্দেহজনক কিছু নজরে এলে দ্রুত বিজিবি বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবার সহযোগিতা কামনা করেন।