নারায়ণগঞ্জ  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬

লিখিত আপত্তি উপেক্ষা, শীতলক্ষ্যা সেতুর নিচে পশুর হাটের দরপত্র আহ্বান

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৩:৪৯, ৯ মে ২০২৬ | আপডেট: ২২:৫১, ৯ মে ২০২৬

লিখিত আপত্তি উপেক্ষা, শীতলক্ষ্যা সেতুর নিচে পশুর হাটের দরপত্র আহ্বান

বন্দরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১৯নং ওয়ার্ডে ব্যক্তি মালিকানাধীন দাবি করা জায়গায় অস্থায়ী কোরবানির পশুর হাট না বসানোর জন্য লিখিত আপত্তি দেওয়া হলেও শীতলক্ষা সেতুর নিচের খালি জায়গাকে অন্তর্ভুক্ত করে হাটের দরপত্র আহ্বান করেছে নাসিক। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

‎
‎জানা গেছে, ১৯নং ওয়ার্ডের তৃতীয় শীতলক্ষা সেতু সংলগ্ন খালি জায়গায় পশুর হাটের ইজারা না দেওয়ার দাবিতে গত ১৬ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাছে লিখিত আবেদন করেন জমির দাবিকৃত মালিক মৃত আনোয়ারুজ্জামানের ছেলে তৌহিদুল আনোয়ার মিঠু।

তবে আপত্তি উপেক্ষা করে গত ৭ মে নাসিক ৭ লাখ টাকা মূল্য নির্ধারণ করে হাটের দরপত্রের বিজ্ঞপ্তি প্রকাশ করে।
‎
‎এ বিষয়ে তৌহিদুল আনোয়ার মিঠু নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছেও লিখিত আবেদন করেছেন।

তিনি অভিযোগ করেন, অর্থ লেনদেনের মাধ্যমে বিতর্কিত ব্যক্তিরা জায়গায় হাট বসানোর চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে সিটি করপোরেশনের প্রকাশিত দরপত্র বাতিলেরও দাবি জানান তিনি।
‎
‎লিখিত আবেদনে উল্লেখ করা হয়, বন্দর থানাধীন মদনগঞ্জ ‘ম’ খণ্ড মৌজার ১৯নং ওয়ার্ডে তৃতীয় শীতলক্ষা সেতু সংলগ্ন এসএ দাগ নং ৩৩০ ও ৩৩১ এবং আরএস দাগ নং ৮১৭, ৮১৬ ও ৮১৫ এর সম্পত্তির রেকর্ডীয় মালিক মৃত হাজী আহাম্মদ আলীর উত্তরসূরিরা। তারা দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখলে রয়েছেন বলেও দাবি করেন।
‎
‎আবেদনে আরও বলা হয়, পূর্ব পাকিস্তান আমলে নরসিংদী-মদনগঞ্জ রেলওয়ে স্থাপনের সময় ওই সম্পত্তি অধিগ্রহণের নোটিশ দেওয়া হয়েছিল। তবে জমির মালিকরা এলএ কেস নং ১৫৮/৬২-৬৩ দায়ের করেন এবং কোনো ক্ষতিপূরণ গ্রহণ করেননি।

বর্তমানে ওই রেললাইনের অস্তিত্ব না থাকায় সম্পত্তি অবমুক্তির জন্য বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় এস্টেট অফিসারের কাছে আবেদন করা হয়েছে, যা এখনো প্রক্রিয়াধীন রয়েছে।
‎
‎এ অবস্থায় ব্যক্তি মালিকানাধীন ও রেকর্ডীয় দাবি থাকা জমিতে কোরবানির পশুর হাটের ইজারা না দেওয়ার আহ্বান জানিয়ে তৌহিদুল আনোয়ার মিঠু বলেন, এ ধরনের সিদ্ধান্তে মামলা-মোকদ্দমা সৃষ্টি হওয়ার পাশাপাশি এলাকায় শান্তি-শৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।
‎
‎তিনি ন্যায়বিচারের স্বার্থে বিতর্কিত জমিকে কোরবানির পশুর হাটের ইজারার আওতামুক্ত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন