শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:১৫, ১১ জুন ২০২৬ | আপডেট: ২৩:১৫, ১১ জুন ২০২৬
সিদ্ধিরগঞ্জে চিহ্নিত মাদক কারবারিদেরকে সাথে নিয়ে মাদক বিরোধী আন্দোলনে নেমেছেন কথিত শ্রমিক দল নেতা এমরান হোসেন।
সম্প্রতি প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ জেলাকে মাদক, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার হাত থেকে রক্ষা করতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে একের পর এক অবস্থান কর্মসূচীর নামে একাধিক মাদক মামলার আসামীদেরকে নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত রয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এরআগে গত মঙ্গলবার (৯ জুন) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসষ্ট্যান্ড এলাকায় নিজের মাদক ব্যবসায়ী মা আনোয়ারা বেগম এবং এলাকার আরেক চিহ্নিত মাদক কারবারি আলমগীরসহ একাধিক মাদকসেবীদের নিয়ে মানববন্ধনের আয়োজন করেন নাসিক ৩ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের কথিত সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন।
মাদক কারবারিদেরকে নিয়ে তার এই উদ্দেশ্য প্রনোদিত মানববন্ধনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ার পর থেকেই এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
জানা যায়, একই ব্যানার এবং একই উদ্দেশ্যে কোরবানীর ঈদের এক সপ্তাহ আগে একই স্থানে মানববন্ধন করে এই এমরান। তারও কিছুদিন আগে এই ব্যানার এবং স্ত্রী সন্তান নিয়ে নারায়ণগঞ্জ শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে এই সুচতুর এমরান। তারও কিছুদিন আগে ঢাকার জাতীয় প্রেসক্লাবে একই ব্যানার নিয়ে অবস্থান কর্মসূচি পালন করতে যায় সে।
স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, নিজেকে ভাইরাল করতে একেক সময় একেক জনকে টার্গেট করে সে নানান অপপ্রচার চালায়। বিএনপির নেতারাও তার অপপ্রচারের শিকার হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, কথিত শ্রমিক দল নেতা এমরান হোসেনের মা আনোয়ারাসহ তার পরিবারের অনেকেই সানারপাড় এলাকার চিহ্নিত মাদক কারবারি। তাদের বাড়িতে সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত মাদকসেবীদের আনাগোনা দেখা যায়।
ইয়াবা ও হেরোইনের জন্য মাদকসেবীরা তাদের বাড়ির সামনে ভীর জমায়। ইয়াবা বিক্রির অপরাধে ইমরানের মা আনোয়ারা একাধিকবার গ্রেফতার হয়েছেন বলেও স্থানীয়রা নিশ্চিত করেছেন।
অপরদিকে, আলমগীর সানারপাড় এলাকার পুরনো মাদক কারবারি বলে অভিযোগ রয়েছে। তাদের প্রত্যেকের নামে একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানা গেছে।
স্থানীয়দের দাবী, প্রশাসনের মাদক বিরোধী অভিযানে নিজের মা ও পরিবারের লোকজনকে গ্রেফতার ঠেকাতে এবং তাদের মাদক ব্যবসাকে আড়াল করতেই এমরান এই নাটক করছে বলে আলোচনা হচ্ছে। আওয়ামীলীগ ক্ষমতায় থাকা কালীন এমরান আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে চলা ফেরা করেছে।
আওয়ামীলীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে নিজেকে বিএনপির বড় ত্যাগী নেতা জাহির করতে একেক সময় একেক পরিচয় দিয়ে এলাকায় দাপিয়ে বেরাচ্ছে বলে বিএনপির তৃনমুলের নেতাকর্মী সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কথিত শ্রমিক দল নেতা এমরান, তার মা আনোয়ারা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করলেই বেরিয়ে আসবে থলের বিড়াল। এলাকাকে মাদক মুক্ত করতে এই পরিবারসহ অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করলেই প্রতিরোধ করা সম্ভব বলে এলাকাবাসীর ধারণা।