শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৩৫, ৩ আগস্ট ২০২৬
বিদ্যুৎ কর্মকর্তারা জনগণের কোন মতামত গ্রহণ না করে জনগণের সাথে কথা না বলে তাদের মতের বিরুদ্ধে গিয়ে মরণফাঁদ প্রি-পেইড মিটার স্থাপনায় অতিউৎসাহী ভূমিকা রাখছেন বলে অভিযোগ করেছেন আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূর উদ্দিন আহম্মদ।
গতকাল সোমবার (৩ আগষ্ট) নারায়ণগঞ্জের কিল্লারপুল এলাকায় অবস্থিত ডিপিডিসির কার্যালয়ে প্রিপেইড মিটার বন্ধের দাবিতে অনুষ্ঠিত এক মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ডিপিডিসি তাড়াহুড়ো কওে কেন এই মিটার লাগানোর কাজ করতে চাইছে জানতে চান তিনি।
প্রধান প্রকৌশলী কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান প্রকৌশলী জনাব মো. কামাল হোসেনের সভাপতিত্বে এবং প্রকল্প পরিচালক মো. হানিফ উদ্দিন এবং ডিজিএম (আইসিটি)’র আহ্বানে আমরা নারায়ণগঞ্জবাসী ও নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাথে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু ও নারায়ণগঞ্জ মহানগর যুব দলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।
সভায় আমরা নারায়ণগঞ্জ সভাপতি আরও বলেন, আমরা দীর্ঘদিন যাবত মিটার বন্ধের দাবীতে কাজ করছি। এর আগেও আমরা চারবার মানববন্ধন করার সহ বেশ কিছু কর্মসূচি পালন করেছি। এরই মধ্যে প্রিপেইড মিটারের বিভিন্ন সমস্যা নিয়ে বন্দর উন্নয়ন ফোরামের সদস্য সচিব তার তিক্ত অভিজ্ঞতার কথা এখানে তুলে ধরেছেন।
কিছুদিন আগে একটি টেলিভিশনের সংবাদও বিষয়টি প্রকাশ পেয়েছে। এসব বিভিন্ন কারণে ডিপিডিসির পক্ষ থেকে আজকে আমাদের ডেকেছিলেন, আমাদের মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু ইউসুফ খান টিপুও জনগণের পক্ষে কথা বলেছেন। এই প্রিপেইড মিটার লাগানোর বিষয়ে ডিপিডিসির এত তড়িঘড়ি বা তাড়াহুড়ো কেন।
ডিপিডিসির প্রকল্প পরিচালক হানিফ উদ্দিন আমাদের কাছে জানতে চেয়েছেন যে, উনারা লক্ষ লক্ষ মিটার ক্রয় করেছেন সেগুলোর কি হবে? অর্থাৎ উনারা জনগণের চিন্তা না করে সেই সব মিটারের কি হবে তার চিন্তা করছেন। আমরা জানিয়েছি যে সাধারণ মানুষ এই প্রিপেইড মিটার থেকে মুক্তি চায়।