নারায়ণগঞ্জ  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জের দুই ভূমি অফিস আকস্মিক পরিদর্শন

অফিসে উপস্থিত না থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর, ভূমি প্রতিমন্ত্রীর

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৭:২০, ৩১ আগস্ট ২০২৬

অফিসে উপস্থিত না থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর, ভূমি প্রতিমন্ত্রীর

নারায়ণগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় ও সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের অনেকে অনুপস্থিত থাকলেও হাজিরা খাতায় এদের মধ্যে কয়েকজনের আগাম স্বাক্ষর রয়েছে তা তিনি দেখতে পেয়ে অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেন ভূমি প্রতিমন্ত্রী।

সোমবার (৩১ আগস্ট) সকালে খানপুর এলাকায় অবস্থিত কার্যালয় দুটিতে যান তিনি। এ সময় ভূমি অফিসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি সেবার মান, নথিপত্র সংরক্ষণ ও দাপ্তরিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন প্রতিমন্ত্রী।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত না থাকলেও অনেকের হাজিরা দেওয়া হয়ে গেছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণ দেশের প্রকৃত মালিক এবং তাদের সেবা দেওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব, কোনো দয়া নয়। তাই সময়মতো অফিসে উপস্থিতি, আন্তরিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে জনগণকে সেবা নিশ্চিত করতে হবে।

কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পৌনে ৯টায় অফিসে যান। আপনারা যদি এমন করেন, তাহলে কি আমরা সেবাটা দিতে পারব? সরকারি দপ্তরে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া হবে না।

পরিদর্শনকালে ভূমি অফিসগুলোর নিরাপত্তা ব্যবস্থার সীমাবদ্ধতার বিষয়টিও উঠে আসে। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, কয়েকজন নারী কর্মকর্তা একই সঙ্গে প্রশাসনিক ও বিচারিক দায়িত্ব পালন করছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনকালে তিনি প্রয়োজনীয় তথ্য নিয়েছেন জানিয়ে বলেন, অনিয়মের বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে শুধু শাস্তিমূলক ব্যবস্থা নয়, সরকারি সেবায় কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন।

তিনি বলেন, সরকারি দপ্তরে জনগণকে হয়রানিমুক্ত ও যথাযথ সেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা, আন্তরিকতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করা জরুরি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন