নারায়ণগঞ্জ  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬

১৪নং ওয়ার্ডে দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করলেন মনির খান

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৩১, ১৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ২৩:২৩, ১৬ অক্টোবর ২০২৬

১৪নং ওয়ার্ডে দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করলেন মনির খান

“ধর্ম যার যার, রাষ্ট্র সবার” এই স্লোগানকে সামনে রেখে এবং শারদীয় দুর্গোৎসবকে আরও আনন্দমুখর ও নিরাপদ করে তুলতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১৪নং ওয়ার্ডের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, ১৪নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: মনির হোসেন খান। পরিদর্শনকালে তিনি প্রতিটি মণ্ডপের পূজা উদযাপন কমিটির হাতে আর্থিক অনুদান তুলে দেন।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে ১৪নং ওয়ার্ডের ঐতিহাসিক জিউসপুকুর সংলগ্ন গৌরনিতাই আখড়া থেকে এই পরিদর্শন শুরু হয়।

এরপর একে একে শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ, রামসীতা, নতুন পালপাড়া, উকিলপাড়া, নন্দিপাড়া ও গোয়ালপাড়া পূজামণ্ডপসহ এলাকার বিভিন্ন পূজামণ্ডপে ছুটে যান তিনি। মণ্ডপে মণ্ডপে গিয়ে তিনি সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও ভক্তবৃন্দের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের আনন্দময় ও শান্তিপূর্ণ পূজা কাটানোর শুভেচ্ছা জানান।

পরিদর্শনকালে মনির হোসেন খান প্রতিটি মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে আলাদাভাবে কথা বলেন এবং মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের যেকোনো বিপদে বা সমস্যায় বুক চিতিয়ে পাশে থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন, “দিন কিংবা রাত কোনো মুহূর্তে কোনো ধরনের সমস্যা বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে বিন্দুমাত্র দেরি না করে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবেন। আপনাদের ফোন পাওয়ার সাথে সাথেই আমি সরাসরি ঘটনাস্থলে ছুটে আসব। আপনাদের নিরাপত্তা এবং সুরক্ষায় আমরা সবসময় অতন্দ্র প্রহরীর মতো পাশে আছি।”

স্থানীয় সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ এবং পূজা পরিচালনা কমিটির প্রতিনিধিরা মনির হোসেন খানকে তাদের পাশে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। তারা জানান, গত ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে মনির হোসেন যেভাবে পরম যত্নে এবং অভিভাবকসুলভ আচরণ নিয়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন, এই দুর্গোৎসবেও তার অন্যন নজির স্থাপন করেছেন।

তারা আরও বলেন, আগামী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে তারা মুখে নয়, কাজের মানুষ হিসেবে মনির হোসেন খানকেই তাদের প্রতিনিধি তথা ওয়ার্ড কাউন্সিলর হিসেবে দেখতে চান। এলাকার শান্তি, শৃঙ্খলা এবং অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে তার মতো একজন জনবান্ধব নেতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তারা।

সার্বিক এই কার্যক্রমে মনির হোসেন খানের সাথে ১৪নং ওয়ার্ডের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— বাদল কুমার সাহা, অ্যাডভোকেট লক্ষণ মোদক, অ্যাডভোকেট রাজীব মন্ডল, মদন মন্ডল, দুলাল মন্ডল, মানস দাস, নির্মল কান্তি সরকার, সমীর কর্মকার, জাহাঙ্গীর, জানে আলম, আজিজ, প্রেমানন্দ পোদ্দার, দিলীপ দে, শম্ভু চন্দ্র দে, তপন সাধু ঘোষ, পটু ঘোষ, কাজল দত্ত, এবং স্বপন দত্ত প্রমুখ।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন