শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৮:৫২, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:৫৩, ১৪ অক্টোবর ২০২৬
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে জেলার রাজনৈতিক অঙ্গন। আদালত প্রাঙ্গণে স্লোগান দেওয়ার ঘটনার পর রাতে আইভীর দুই আইনজীবীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে ওই স্লোগানের প্রতিবাদে আদালতপাড়ায় বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। মিছিল থেকে আইভীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিএনপির নেতারা।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে বিএনপি সমর্থিত আইনজীবী ফোরামের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল ১০টার দিকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আসামিদের গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠালে আদালত ১৫ অক্টোবর রিমান্ডের আবেদনের শুনানির দিন ধার্য করে। বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল, তাঁর ভাই আতিকুল ইসলাম এবং আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান তুষার।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে শহরের আল্লামা ইকবাল রোডের বাসা থেকে জিয়াউল ইসলাম কাজল ও তাঁর ভাই আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। একই রাতে দেওভোগের পাক্কা রোড এলাকার গার্মেন্ট গলি থেকে গ্রেপ্তার করা হয় অ্যাডভোকেট মাহবুবুর রহমান তুষারকে।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, ফতুল্লা থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাদেরকে তদন্ত প্রাপ্ত আসামী হিসেবে আমরা গ্রেপ্তার করেছি।
আদালত প্রাঙ্গণে আইভীর স্লোগানের প্রতিবাদে বুধবার দুপুরে বিএনপিপন্থী আইনজীবীরা আদালতপাড়ায় বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতার অভিযোগ তুলে আইভীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
বিক্ষোভ মিছিলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু অভিযোগ করেন, আইভীকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে।
তিনি বলেন, আইভী যদি বারবার এভাবে নিষিদ্ধ সংগঠনকে সংগঠিত করার স্পর্ধা দেখান, তাহলে তাঁর হোয়াইট হাউসের (আইভীর বাড়ি) একটি ইটও আমরা রাখব না।
এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান বলেন, প্রত্যেকের আইনগত অধিকারের বিষয়টি বিবেচনা করে আইভীর বিরুদ্ধে আমরা বিশেষ কোনো পদক্ষেপ গ্রহণ করিনি। কিন্তু আমাদের এই ভদ্রতার সুযোগ নিয়ে নারায়ণগঞ্জে নিষিদ্ধ সংগঠনকে সংগঠিত করার চেষ্টা করা হচ্ছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জের আদালতে সশরীরে হাজির হন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। মামলাটিতে তিনি এজাহারভুক্ত ১১ নম্বর আসামি। উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর ওই দিন মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ও তাঁর পুনর্জামিনের জন্য দিন ধার্য ছিল।
শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে আসার সময় আইভীকে ঘিরে ছিলেন তাঁর নেতাকর্মী ও সমর্থকেরা। এ সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বললেই গাড়িতে ওঠার আগে তিনি বলেন, ‘জয় বাংলাকে দমিয়ে রাখা যাবে না, জয় বাংলা।’ তাঁর স্লোগানের সঙ্গে উপস্থিত নেতাকর্মীরাও ‘জয় বাংলা’ স্লোগান দেন। এরপর গাড়িতে উঠে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন তিনি।