শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:০২, ১১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০২:৫৪, ১২ জানুয়ারি ২০২৬
সিদ্ধিরগঞ্জে মৃত ছোট ভাইয়ের রেখে যাওয়া সম্পত্তি প্রাপ্য অনুযায়ী দাবি করায় সন্ত্রাসী বাহীনি দিয়ে রাতের আধারে সাইনবোর্ড ভাঙচুর, জমি জবরদখল এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে নিহত ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী জাহিদুল ইসলাম (৫৩) বাদী হয়ে তার ছোট ভাইয়ের স্ত্রী শামীমা আক্তার সিমা (৩৬) ও অজ্ঞাতনামা ৫/৬ জনকে অভিযুক্ত করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। জাহিদুল ইসলাম সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতেনপাড়া এলাকার মৃত জিল্লুুর রহমানের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, জাহিদুল ইসলামের ছোট ভাই মৃত রাশেদুল ইসলামের ক্রয়কৃত মিজমিজি তালতলা ক্লাবস্থ এলাকায় ৩.৫০ শতাংশ জমি ও তার ওপর একটি তিন তলা ভবন রয়েছে। রাশেদুল ইসলামের মৃত্যুর পর ভূমি অফিসের বণ্টননামা ও আদেশ অনুযায়ী ওই সম্পত্তির ২.২০ শতাংশ পান তার স্ত্রী ও সন্তান এবং অবশিষ্ট ১.৩০ শতাংশ জমির মালিকানা পান জাহিদুল ইসলাম ও তার অন্য ভাই-বোনেরা।
বাদী জাহিদুল ইসলাম জানান, ভূমি অফিসের আদেশ মেনে তারা তাদের প্রাপ্য ১.৩০ শতাংশ জমিতে মালিকানার একটি সাইনবোর্ড স্থাপন করেন। কিন্তু বিবাদী শামীমা আক্তার সিমা ও তার সহযোগীরা সেই সাইনবোর্ড রাতের আধারে ভেঙে ফেলেন এবং জমিটি জোরপূর্বক দখলে রেখেছেন। এ নিয়ে কথা বলতে গেলে বিবাদী ও তার ভাড়াটে সন্ত্রাসীরা তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ প্রাণনাশের হুমকি দেয়।
ভুক্তভোগী জাহিদুল ইসলাম আরও অভিযোগ করেন, আমার ভাইয়ের স্ত্রী অজ্ঞাতনামা ৫/৬ সন্ত্রাসীদের মাধ্যমে আমাদের ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছেন। তাদের ভয়ে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি এবং সামাজিকভাবেও হেয় প্রতিপন্ন হচ্ছি। তারা যে কোনো সময় আমাদের ওপর বড় ধরনের হামলা চালাতে পারে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও নিজেদের জীবনের নিরাপত্তা এবং সম্পত্তির ন্যায্য হিস্যা ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন।
এ ঘটনার অভিযোগের তদন্ত কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার এসআই নূর ই আলম সিদ্দিক জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।