শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:২৯, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:১০, ২৬ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান নগরীর তিনটি থানা এলাকায় তিনটি প্রবীণ নিবাস (ঙষফ অমব ঐড়সব) প্রতিষ্ঠার উদ্যোগের কথা জানিয়েছেন। একই সঙ্গে এসব উদ্যোগের সঙ্গে ‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্রকল্পকে সমন্বিতভাবে যুক্ত করার পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।
গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত প্যালিয়েটিভ ও প্রবীণ সেবাবিষয়ক স্টেকহোল্ডার এনগেজমেন্ট সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরিকল্পনা তুলে ধরেন।
নাসিক প্রশাসক আরও আশ্বাস দেন, প্রকল্পটির কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রদান করা হবে। প্রয়োজনে প্রকল্পের জন্য আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টিও তিনি বিবেচনা করবেন বলে জানান।
সভায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্বাস্থ্যসেবা পেশাজীবী, স্বেচ্ছাসেবী সংগঠন, ধর্মীয় নেতা এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় প্যালিয়েটিভ কেয়ার ও প্রবীণদের জন্য সমন্বিত সেবা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা, জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।
‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্রকল্পের লক্ষ্য হলো প্রবীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানবিক, মর্যাদাপূর্ণ ও সমন্বিত প্যালিয়েটিভ সেবা নিশ্চিত করতে একটি সহানুভূতিশীল সমাজ গড়ে তোলা।