নারায়ণগঞ্জ  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬

শামীম ওসমানসহ সকলকে দেশে ফিরিয়ে আনতে হবে : মাও. জব্বার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:৫৫, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:০৮, ২৬ নভেম্বর ২০২৬

শামীম ওসমানসহ সকলকে দেশে ফিরিয়ে আনতে হবে : মাও. জব্বার

১১ দলীয় ঐক্যের ৭ দফা দাবি আদায় এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ও মিছিল পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা। এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে ধরে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কাঁচপুর এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মাওলানা মোঃ আবদুল জব্বার শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে তার ফাঁসি কার্যকর করার দাবি জানান। পাশাপাশি দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনারও আহ্বান জানান তিনি।

বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, শামীম ওসমানসহ এই অঞ্চলে ছাত্র-জনতা হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে হবে। যারা জনগণকে হত্যা করে বিদেশে আশ্রয় নিয়েছে, তাদের কোনো স্থান হবে না বলেও মন্তব্য করেন তিনি।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ৩৬ জুলাইয়ে ছাত্র-জনতা জীবন দিয়েছে কোনো পতিত বা নতুন স্বৈরাচারকে দেশে জায়গা না দেওয়ার প্রত্যয়ে। অতীত কিংবা বর্তমান—কোনো ফ্যাসিস্টের জায়গা বাংলাদেশে হবে না উল্লেখ করে তিনি বলেন, যে সরকার জনগণের নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষা, অন্ন, বস্ত্র ও বাসস্থানের নিশ্চয়তা দিতে পারে না এবং হামলা-মামলা ও জুলুম-নির্যাতন চালায়, তেমন কোনো স্বৈরাচার তারা চান না।

কর্মসূচিতে ১১ দলীয় ঐক্যের ৭ দফা দাবি বাস্তবায়ন এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জোর দাবি জানানো হয়। এ সময় জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন