শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:৪৬, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:০৯, ২৬ নভেম্বর ২০২৬
সিদ্ধিরগঞ্জে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রমজান (৩২) নামের এক শীর্ষ মাদক কারবারিসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি ওয়াটার ওয়ার্কস রোড সংলগ্ন নিট কনসার্ন গার্মেন্টসের মেইন গেটের সামনের পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—সিদ্ধিরগঞ্জের আদমজী সুমিলপাড়া বিহারী ক্যাম্পের মোস্তাকিন ওরফে গফুর ভান্ডারীর ছেলে রমজান (৩২) এবং তার সহযোগী একই এলাকার তাইজুল ইসলামের ছেলে শান্ত (২২)। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুজ্জামান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুখ্যাত মাদক কারবারি রমজানের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলাসহ প্রায় ১৮টি মামলা রয়েছে। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টার মামলাও অন্তর্ভুক্ত। দীর্ঘদিন ধরে ধরাছোঁয়ার বাইরে থাকা এই আসামির গ্রেপ্তারের খবরে সিদ্ধিরগঞ্জ এলাকাজুড়ে স্বস্তি নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আদমজী বিহারী ক্যাম্প এলাকায় দীর্ঘদিন ধরে রমজানের একটি প্রভাবশালী মাদক সিন্ডিকেট সক্রিয় ছিল। বিগত প্রায় ১৭ বছর ধরে প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় অপরাধ জগতে বিচরণ করলেও সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর এলাকায় নিজের অবস্থান সংহত করে মাদক ব্যবসার একক নিয়ন্ত্রণ নেন তিনি।
তার সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা ও হেরোইনসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে খুচরা পর্যায়ে ছড়িয়ে দেওয়া হতো বলে অভিযোগ রয়েছে। এর প্রভাবে এলাকায় মাদকাসক্তি ও সামাজিক অবক্ষয় বেড়েছে বলে দাবি স্থানীয়দের।
এলাকাবাসী জানান, রমজানের এই মাদক কারবার পরিচালনায় তার পরিবারের সদস্যদেরও সম্পৃক্ততার অভিযোগ ছিল।
উল্লেখ্য, তার ভাই ফয়সাল আত্মহত্যা করে মারা যান; জীবিত থাকাকালে তিনি নিজেকে ভাঙারি ব্যবসায়ী হিসেবে পরিচয় দিলেও মাদক কারবারের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ ছিল স্থানীয়দের।
এ ছাড়া এর আগে যৌথ বাহিনীর অভিযানে রমজানের মা আয়েশা বেগম গ্রেপ্তার হলেও অভিযানের আগেই রমজান সটকে পড়ায় তথ্য ফাঁসের অভিযোগ উঠেছিল।
দীর্ঘদিন ধরে মূল হোতা গ্রেপ্তার না হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। এর আগে স্থানীয় বাসিন্দা লাবনী ও সোনি প্রভাবশালীদের আশ্রয়-প্রশ্রয় ছাড়া প্রকাশ্যে মাদক ব্যবসা চালানোর সুযোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন।
তবে এবার সহযোগীসহ ১৮ মামলার এই আসামি গ্রেপ্তার হওয়ায় ডিবির অভিযানকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।