শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:২৮, ২৬ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আলাউদ্দিন ওরফে বিদ্যুৎ আলাউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে সোলামিয়া মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আলাউদ্দিন সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ খাতে অবৈধ প্রভাব বিস্তার ও চাঁদাবাজির অভিযোগে এলাকায় তিনি বিদ্যুৎ আলাউদ্দিন নামে পরিচিতি পান।
আইলপাড়া ও আদমজী সুমিলপাড়া এলাকার একাধিক বাসিন্দা জানান, বিগত সরকারের টানা ১৭ বছরে রাজনৈতিক প্রভাব ও সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতির ছত্রচ্ছায়ায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন আলাউদ্দিন। স্থানীয়দের অভিযোগ এলাকার অটোরিক্সার গ্যারেজ ও ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজি বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে বিভিন্ন গ্যারেজ মালিক, ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের কাছ থেকে নিয়মিত মাসোয়ারা আদায় করতেন তিনি।
নির্ধারিত অর্থ দিতে অস্বীকৃতি জানালে বিদ্যুৎ বিভাগের কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজশে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার ভয় দেখানো হতো।
নিজের নামে বাণিজ্যিক মিটার স্থাপন করে বিভিন্ন দোকানে অবৈধভাবে সাব-লাইন বা সংযোগ দিয়ে মাসিক ভিত্তিতে বিপুল অঙ্কের অর্থ আদায় করতেন তিনি। আদমজী সুমিলপাড়ার ৬ নম্বর ওয়ার্ডের রেহেনসাবের বাড়ি সংলগ্ন কয়েকটি দোকানে এখনো তাঁর নামে বাণিজ্যিক মিটারের সংযোগ রয়েছে বলে জানায় স্থানীয়রা।
এলাকাবাসীর দাবি, একসময় চরম আর্থিক সংকটে দিন কাটানো আলাউদ্দিন গত দেড় দশকে অবৈধ বিদ্যুৎ বাণিজ্য ও চাঁদাবাজির মাধ্যমে বিপুল অর্থবিত্তের মালিক বনে গেছেন। বর্তমানে এলাকায় তাঁর একটি তিনতলা বাড়ি রয়েছে।
তাঁর এই হঠাৎ সম্পদ বৃদ্ধি এবং অর্থের উৎস নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন ও ক্ষোভ বিরাজ করছিল। এ ছাড়া তৎকালীন ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতা ও একাধিক মামলার আসামিদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার ছবিও এলাকায় আলোচিত।পুলিশ জানিয়েছে, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।