নারায়ণগঞ্জ  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬

‘স্বপ্নের নারায়ণগঞ্জ’ কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পদ হবে না : সাহেদ আহমেদ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:৫৪, ১৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৫৬, ১৬ অক্টোবর ২০২৬

‘স্বপ্নের নারায়ণগঞ্জ’ কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পদ হবে না : সাহেদ আহমেদ

‎সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করা এবং খেলাধুলার প্রসারে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব ও ‘স্বপ্নের নারায়ণগঞ্জ’ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাহেদ আহমেদ। 

‎‎তিনি বলেছেন, ‘স্বপ্নের নারায়ণগঞ্জ’ কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পদ হবে না। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে সামাজিক উন্নয়ন, খেলাধুলার প্রসার এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ সংগঠনের মূল উদ্দেশ্য।

‎‎শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি হাইস্কুল মাঠে সামাজিক সংগঠন ‘স্বপ্নের নারায়ণগঞ্জ’-এর উদ্যোগে আয়োজিত গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎‎সাহেদ আহমেদ বলেন, “আমি কখনো রাজনীতির উদ্দেশ্যে এই সংগঠন গড়ে তুলিনি। ২০০২ সালে কলেজজীবন থেকে রাজনীতিতে জড়িয়ে পড়ি। ছাত্রদলের আন্দোলন-সংগ্রামে যুক্ত থাকলেও স্কুল-কলেজজীবনের অনেক বন্ধু বিভিন্ন কারণে আমাদের সঙ্গে সম্পৃক্ত হননি।

কেউ ভয় পেয়েছেন, আবার কেউ রাজনীতির কারণে নানা সমস্যার আশঙ্কা করেছেন। তখন থেকেই ভাবতে শুরু করি, কীভাবে সবাইকে সামাজিক কর্মকাণ্ডে একত্র করা যায়। সেই চিন্তা থেকেই ‘স্বপ্নের নারায়ণগঞ্জ’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।”

‎‎তিনি আরও বলেন, “সবার সম্মতিতে আমাকে প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের অভিভাবকেরা অনুমতি দিলে চলতি সপ্তাহেই সংগঠনটির নিবন্ধনের জন্য আবেদন করার উদ্যোগ নেব।”

‎‎ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে সাহেদ আহমেদ বলেন, চলতি বছর সংগঠনটির কার্যক্রমকে এগিয়ে নেওয়ার পাশাপাশি আগামী দুই থেকে তিন বছরের মধ্যে নারায়ণগঞ্জ মহানগরের বিভিন্ন ওয়ার্ড এবং জেলার তরুণদের সংগঠিত করার স্বপ্ন দেখেন তাঁরা। প্রতিটি এলাকায় ‘স্বপ্নের নারায়ণগঞ্জ’-এর উদ্যোগে ভালো কাজের পাশাপাশি নিয়মিত খেলাধুলার আয়োজন করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

‎‎তিনি বলেন, “একটি জাতিকে দুর্বল করে দেওয়ার পরিকল্পনায় শিক্ষা ও খেলাধুলাকে ধ্বংস করার বিষয়টিও ছিল। গত ১৭ বছরে সমাজব্যবস্থায় যে নেতিবাচক প্রভাব পড়েছে, তা থেকে বেরিয়ে আসতে হলে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। বিশেষ করে শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ ও সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করা জরুরি।”

‎‎সামাজিক মূল্যবোধ ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, আগামী এক থেকে দুই বছরের মধ্যে শৈশবের মতো সামাজিক সম্প্রীতি, মুরব্বিদের প্রতি শ্রদ্ধাবোধ এবং খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করতে চান তাঁরা।

মাদক ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক সমস্যা মোকাবিলায় পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি সাইবার অপরাধ সম্পর্কেও সচেতনতা বাড়ানো প্রয়োজন।

‎‎বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি প্রসঙ্গে সাহেদ আহমেদ বলেন, সরাসরি কাবাডি খেলা দেখার অভিজ্ঞতা তাঁর জন্য নতুন। এ ধরনের আয়োজন গ্রামীণ ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন।

‎‎সংগঠনটির ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, “স্বপ্নের নারায়ণগঞ্জ কখনো কারও ব্যক্তিগত স্বার্থে পরিচালিত হবে না। এলাকার মানুষের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমার ব্যক্তিগত সম্পর্কের সূত্রে রনি ভাই, টিপু ভাই, সাখাওয়াত আঙ্কেলসহ রাজনৈতিক পরিচয়ের বাইরে থাকা অনেকেই এ উদ্যোগে সহযোগিতা করবেন বলে আশা করি। সবার সহযোগিতায় একটি সুন্দর, ইতিবাচক ও মানবিক নারায়ণগঞ্জ গড়ে তুলতে চাই।”

‎‎স্বপ্নের নারায়ণগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

‎‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. হাসান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী নুর নাহার বেগম, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বাবুল প্রধান ও বিএনপি নেতা হাজী কামাল।

‎‎এ ছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য অদুদ সাগর, মিনহাজ মিঠু, বাদশা খান, আশিকুর রহমান অনি, সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা আসলাম মাহমুদ, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজিবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন