শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:০০, ১৭ অক্টোবর ২০২৬
শারদীয় দুর্গোৎসবের সপ্তমীতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও বন্দরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এবং স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম রাকিব।
এ সময় তিনি পূজার সার্বিক নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেন এবং নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপনে পাশে থাকার আশ্বাস দেন।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত তিনি সিদ্ধিরগঞ্জ ও বন্দরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। সিদ্ধিরগঞ্জের হাজারীবাগ পূজামণ্ডপ, লক্ষ্মী নারায়ণ পূজামণ্ডপ ও চিত্তরঞ্জন হরিসভা মন্দির পূজামণ্ডপসহ বন্দরের ২ নম্বর ঢাকেশ্বরী পূজামণ্ডপ, কদম রসুল শ্রীশ্রী শিবকৃষ্ণ মন্দির পূজামণ্ডপ, একরামপুর পূজামণ্ডপ, শ্রীশ্রী গৌর-নিতাই বিগ্রহ মন্দির পূজামণ্ডপ এবং ইস্পাহানী জেলেপাড়া শ্রী রাধাকৃষ্ণ ও দুর্গা মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ ও হিন্দু সম্প্রদায়ের মানুষ তাঁকে ফুল ছিটিয়ে, উলুধ্বনি দিয়ে ও ফুলের তোড়া উপহার দিয়ে বরণ করে নেন। এ সময় রাকিবুল ইসলাম রাকিব তাঁদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
শুভেচ্ছা বিনিময়কালে রাকিবুল ইসলাম রাকিব বলেন, “আপনারা যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন, সেটাই আমাদের প্রত্যাশা। আপনাদের এলাকার অভিভাবক হিসেবে সংসদ সদস্য ও তাঁর সন্তান আপনাদের খোঁজখবর রাখছেন। আমরাও আপনাদের পাশে থাকব, যাতে আপনারা সুন্দর ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারেন। আমাদের মধ্যে যেন কোনো বিভেদ তৈরি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি আরও বলেন “আমাদের সবচেয়ে বড় উৎসব ঈদ, আর আপনাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ছোটবেলায় আমিও অনেক পূজা দেখেছি। আপনাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আমি নিজেও আনন্দিত। আমি চাই, আপনারা সুন্দরভাবে দুর্গোৎসব উদযাপন করুন। রাজনীতিবিদ হিসেবে যাঁরা রয়েছেন, তাঁরাও আপনাদের সহযোগিতা করবেন, ইনশাল্লাহ।”
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব, জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি কার্তিক ঘোষ, মিঠুন মোদক, নারায়ণগঞ্জ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিজয় দাস কাব্য, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ ও সাজ্জাদ হোসেন কমল, আহ্বায়ক কমিটির প্রথম সদস্য রাফি উদ্দিন রিয়াদ এবং সদস্য আরমান হোসেন, সাইফুল ইসলাম আপন ও হাবিবুর রহমান মাসুদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেনসহ পূজা উদযাপন ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।