শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৩৩, ৭ এপ্রিল ২০২৬
রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মতিন ভুঁইয়াকে পরিবারসহ সন্ত্রাসী আবুল হোসেন বাহিনী হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে ওই ইউপি সদস্যকে মামলা তুলে নেওয়ার হুমকি প্রদান করে। এ ঘটনায় কায়েতপাড়া ইউনিয়নের কামশাইর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মতিন ভুঁইয়ার অভিযোগে জানা যায়, গত ৩ এপ্রিল বিকালে কামশাইর এলাকার নিজ বাড়ি থেকে অটোরিক্সা যোগে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মতিন ভুঁইয়া (৪৩), তার স্ত্রী জহুরা আক্তার সুমি (৩০) ও মাদ্রাসায় পড়ুয়া কন্যা মুশফিকা তানহা (৯) কোনাপাড়ার বাসায় ফিরছিলেন।
পথি মধ্যে কামশাইর পাকা রাস্তায় কামশাইর এলাকার সন্ত্রাসী আবুল হোসেন, মাহমুদ হাসান, রিপন সহ আরও ৩/৪ জন সন্ত্রাসী অস্ত্রসস্ত্র নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে আব্দুল মতিন ভুঁইয়ার উপর অতর্কিত হামলা চালায়।
এ সময় সন্ত্রাসীরা আব্দুল মতিন ভুঁইয়াকে পিটিয়ে আহত করে এবং গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্ঠা করে। এতে আব্দুল মতিন ভুঁইয়ার স্ত্রী জহুরা আক্তার সুমি ও কন্যা মুশফিকা তানহা বাঁধা দিলে সন্ত্রাসীরা তাদেরকেও পিটিয়ে আহত করে। সন্ত্রাসীরা জহুরা আক্তার সুমি‘র গলায় থাকা ২ ভরি ওজনের স্বর্ণের চেইন ও আব্দুল মতিন ভুঁইয়ার পকেটে থাকা নগদ ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়।
এ সময় তাদের ডাক ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
এ ঘটনায় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মতিন ভুঁইয়ার স্ত্রী জহুরা আক্তার সুমি বাদি হয়ে সন্ত্রাসী আবুল হোসেন, মাহমুদ হাসান, রিপন সহ আরও অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে। থানায় অভিযোগ দায়েরের প্রায় ৫ দিন পেরিয়ে গেলেও আসামি আবুল হোসেনসহ অন্যান্য আসামীদের গ্রেফতার করতে পারে নি পুলিশ।
আসামি পক্ষের লোকজন মঙ্গলবার সকালে ইউপি সদস্য আব্দুল মতিন ভুঁইয়ার বাড়িতে এসে থানা থেকে অভিযোগ তুলে না নিলে হত্যার হুমকি দেয়। এতে ইউপি সদস্য আব্দুল মতিন ভুঁইয়া, তার স্ত্রী জহুরা আক্তার সুমি ও কন্যা মুশফিকা তানহা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে অভিযুক্ত আবুল হোসেন বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য না।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। কেউ এলাকায় অপরাধ করলে তাকে ছাড় দেয়া হবে না। আবুল হোসেন বাহিনীর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।