নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে সহযোগীর গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:৫০, ১২ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে সহযোগীর গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত

সিদ্ধিরগঞ্জে অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সহযোগীদের গুলিতে নিহত হয়েছেন শীর্ষ সন্ত্রাসী ও বিভিন্ন মামলার আসামি সাহেব আলী (৪০)। রোববার বিকেল সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনি এলাকায় বউবাজার এর ১০ তলা আল ফাতাহ  ভবনের সামনে খালের পাড়ে তাকে লক্ষ্য করে গুলি চলায় তারই এক সহযোগী। 

আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাহেব আলীর নামে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা, মাদক, দস্যুতা, ডাকাতির প্রস্তুতি আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ, সন্ত্রাসী বিরোধী আইনসহ প্রায় ১৫ টি মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাহেব আলীর সহযোগী রনি, আসলাম, সাব্বির, নুরুজ্জামান, আফজাল, সাগর ও মুরগী সেলিমের মধ্যে সরকারি পানি উন্নয়ন বোর্ডের জমিতে বালুর ব্যবসা ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্ধ চলে আসছে।

এরই জের ধরে রোববার সন্ধ্যায় কথা-কাটাকাটির একপর্যায়ে তার নিজ বাহিনীর এক সহযোগী তাকে লক্ষ্য করে পিস্তল দিয়ে গুলি করে পালিয়ে যায়। এ সময় গুলির শব্দে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে পাঠায়।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে  সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনিতে এলাকার সন্ত্রাসী গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের ফল। সাহেব আলীর নিজস্ব এক সহযোগীই তাকে গুলি করেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।

উল্লেখ্য, গত বছরের ৩০ সেপ্টেম্বর রাতে সিদ্ধিরগঞ্জের বউবাজার এলাকায় সন্ত্রাসী সাহেব আলীকে গ্রেপ্তারে অভিযান চালায় র‌্যাব-১১-এর একটি দল। ওই সময় সাহেব আলীর নির্দেশে তার সন্ত্রাসী বাহিনী র‌্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়, এতে র‌্যাবের চার সদস্য গুরুতর আহত হন। 

হামলার সুযোগে সাহেব আলী পালিয়ে যান এবং এতদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন