শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৩৮, ১২ অক্টোবর ২০২৬
রূপগঞ্জে চালককে ছুরিকাঘাতে হত্যা করে অটোরিকশা ছিনতাই কালে একটি ছিনতাইকারী চক্র।
এ ঘটনায় জড়িত থাকায় দুজনকে গ্রেপ্তারসহ অটোরিকশাটি উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) রাত ২টার দিকে উপজেলার রূপসী-বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাজন মিয়া উপজেলার তারাবো পৌরসভার রূপসী কাহিনা এলাকার মিলন মিয়ার ছেলে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রূপগঞ্জের চনপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে ফয়সাল মিয়া এবং নোয়াখালী সদর থানার করিমপুর এলাকার আব্দুল কাদির মিয়ার ছেলে জামাল মিয়া।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, সোমবার রাত ২টার দিকে কয়েকজন যুবক যাত্রী সেজে রূপসী স্ট্যান্ড থেকে রাজনের অটোরিকশা ভাড়া নেয়। অটোরিকশাটি রূপসী-বাগবাড়ি ব্রিজ এলাকায় পৌঁছালে ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক রাজন মিয়াকে ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তারা। একপর্যায়ে তাঁর গলায় আঘাত করে রাস্তার পাশে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রাজন মিয়াকে উদ্ধার করে স্থানীয় ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে রূপগঞ্জ থানা-পুলিশ অভিযান চালিয়ে তারাবো এলাকা থেকে ধাওয়া করে ছিনতাই হওয়া অটোরিকশাসহ ফয়সাল ও জামালকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।