শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:৫২, ২১ জুলাই ২০২৬
ফতুল্লায় অভিযান চালিয়ে ১৫১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন মো. মাসুদ ওরফে হোটেল মাসুদ (৪০) এবং মো. রাকিবুল ইসলাম অপু (২৫)।
মঙ্গলবার (২১ জুলাই) ভোরে ফতুল্লার মাসদাইর এলাকার বাড়ৈইভোগ খানকার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক যাচাইয়ে তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা থাকার তথ্য পেয়েছে পুলিশ।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত কওে জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার ভোর আনুমানিক ৬টা ৪৫ মিনিটে মাসদাইরের বাড়ৈইভোগ খানকার মোড় এলাকায় মাসুদের বসতবাড়ির নিচতলার একটি কক্ষে অভিযান চালানো হয়।
এ সময় সেখান থেকে ১৫১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।