শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:১৭, ৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২৩:১৮, ৪ অক্টোবর ২০২৬
নারায়ণগঞ্জ সদর থানার অটোরিকশাচালক জামাল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মনিরুল ইসলাম রঞ্জু ওরফে ‘গাল পোড়া রঞ্জু’কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১।
শনিবার (৩ অক্টোবর) রাত ৮টা ১৫ মিনিটে ফতুল্লার ইদ্রাকপুর ফতুল্লা স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মনিরুল ইসলাম রঞ্জু নারায়ণগঞ্জ সদর থানার আমলাপাড়া এলাকার বাসিন্দা।
এসআরবি-১১ জানায়, ২০১১ সালের ১৩ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ সদর থানাধীন চাষাঢ়া মোড় এলাকা থেকে অটোরিকশাচালক মো. জামালকে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় মামলা করা হয়।
মামলাটি দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে নারায়ণগঞ্জের দায়রা জজ প্রথম আদালত আসামি ঘাতক রঞ্জু ওরফে গাল পোড়া রঞ্জু ওরফে মনিরুল হক রঞ্জুকে মৃত্যুদণ্ড দেন। পরে তার বিরুদ্ধে সাজা ওয়ারেন্ট জারি করা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
এসআরবি আরও জানায়, গোয়েন্দা নজরদারির ভিত্তিতে গোপন সংবাদের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় একটি দল অভিযান চালিয়ে ফতুল্লা থানার ইদ্রাকপুর ফতুল্লা স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
মনিরুল ইসলাম রঞ্জুকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।