শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:২৪, ১০ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:২৬, ১০ অক্টোবর ২০২৬
দীর্ঘদিন ধরে অবহেলিত ও বেহাল অবস্থায় থাকা নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বকুলতলা বালুর মাঠ সংলগ্ন রাস্তাটি অবশেষে সংস্কার করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এই সংস্কার কাজ পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল দশায় পড়ে থাকায় সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এ রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষ যাতায়াত করেন।
এছাড়া স্কুলগামী কোমলমতি শিশু, রোগী এবং বিভিন্ন এলাকা থেকে চিকিৎসার জন্য হাসপাতালে যাতায়াতকারী মানুষের নিয়মিত এই পথ ব্যবহার করতে হয়। রাস্তার বেহাল অবস্থার কারণে প্রায়ই এখানে গাড়ি উল্টে দুর্ঘটনা ঘটে এবং অনেক মানুষ আহত হতেন।
স্থানীয় জনপ্রতিনিধি বা ইউনিয়ন পরিষদের কোনো কর্মকর্তা দীর্ঘদিনেও রাস্তাটির খোঁজ না নেওয়ায় এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে এগিয়ে আসে জেলা মৎস্যজীবী দল। এদিন সংগঠনের নেতাকর্মী ও স্থানীয়দের উপস্থিতিতে মাটি ফেলে রাস্তাটি চলাচলের উপযোগী করে তোলা হয়।
এ সময় নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন বলেন, “কাশিপুর ইউনিয়নের উত্তর নরসিংপুর ৩ নম্বর ওয়ার্ডের বকুলতলা এলাকার এই রাস্তাটি দীর্ঘদিন ধরে অত্যন্ত বেহাল অবস্থায় পড়ে রয়েছে। কোনো জনপ্রতিনিধি বা ইউনিয়ন পরিষদের কোনো কর্মকর্তা দীর্ঘদিন ধরে এই রাস্তার দিকে নজর দেননি।”
তিনি আরও উল্লেখ করেন, বক্তাবলী, পরগনা ও কাশিপুরের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ এই পথ দিয়ে যাতায়াত করেন। বিশেষ করে কমার্স ফ্লাওয়ার স্কুল, গেউদ্দার বাজার স্কুলসহ আশপাশের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা এই বিপজ্জনক রাস্তা দিয়ে প্রতিনিয়ত স্কুলে যাওয়া-আসা করে।
এছাড়া মুমূর্ষু রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। রাস্তার বেহাল দশার কারণে প্রায়ই গাড়ি উল্টে দুর্ঘটনাসহ মানুষ আহত হওয়ার ঘটনা ঘটছিল।
জনসাধারণের এই দুর্ভোগ লাঘবে জেলা মৎস্যজীবী দলের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে ট্রাকে করে মাটি ফেলে রাস্তাটি মেরামত করা হয়।
বক্তব্যের শেষভাগে তিনি ৩ নম্বর ওয়ার্ডবাসীকে উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, “আগামীতে যেন এই ওয়ার্ডের বাসিন্দারা এমন কাউকে জনপ্রতিনিধি বা মেম্বার হিসেবে বেছে নেন, যিনি ভালো মানুষ, এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়োজিত থাকবেন এবং মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে শক্ত ভূমিকা রাখবেন।”