নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনে বিএনপির সহযোগিতার আশ্বাস, কৃতজ্ঞতা জানালেন শিপন সরকার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:৫৭, ১১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:৫৮, ১১ অক্টোবর ২০২৬

দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনে বিএনপির সহযোগিতার আশ্বাস, কৃতজ্ঞতা জানালেন শিপন সরকার

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও নিরাপদভাবে উদযাপনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগের প্রশংসা করেছেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন। 

‎‎তিনি বলেছেন, হিন্দু সম্প্রদায়ের পাশে বিএনপি অতীতেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে মহানগর বিএনপির নেতৃবৃন্দ যে সহযোগিতার আশ্বাস দিয়েছেন, তা ইতিবাচক উদ্যোগ।

‎‎রবিবার (১১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় হোসিয়ারি সমিতি কমিউনিটি সেন্টারে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

‎‎শিখণ সরকার শিপন বলেন, মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে একত্রিত হয়েছেন। ৫ আগস্টের পর থেকেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং দুর্গোৎসবকে কেন্দ্র করে একাধিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎‎তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান হিন্দু সম্প্রদায়ের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন বলে আমরা মনে করি। পাশাপাশি, গত সরকারের সময় প্রতিটি পূজামণ্ডপে ৫০০ কেজি করে চাল দেওয়া হলেও এবার তা বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে। এ জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

‎শিখণ সরকার শিপন জানান, জেলা পরিষদের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে ২৫ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এসব সহযোগিতা ও পারস্পরিক সম্প্রীতির মধ্য দিয়ে এবারের দুর্গোৎসব উদযাপন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

‎‎তিনি বলেন, “ধর্ম যার যার, দেশ সবার। নিরাপত্তাও সবার।” সবার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই মহানগর বিএনপি এ মতবিনিময় সভার আয়োজন করেছে। এ ধরনের উদ্যোগের জন্য নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে বিএনপি নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

‎‎৫ আগস্টের পরবর্তী সময়ের কথা উল্লেখ করে শিখণ সরকার শিপন বলেন, সাখাওয়াত হোসেন খান ও আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা যেভাবে হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছেন, তা তাঁরা ভুলবেন না। বিভিন্ন পরিস্থিতিতে তাঁদের সহযোগিতা পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

‎‎সবশেষে তিনি বলেন, সবাইকে মিলেমিশে একটি সুন্দর দেশ গড়তে হবে। পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও সহাবস্থান বজায় রেখে এবারের শারদীয় দুর্গাপূজা সুন্দরভাবে উদযাপন করতে হবে।

‎‎নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. বরকত উল্লাহ, হাবিবুর রহমান মিঠু, মাকিত মোস্তাকিম শিপলু, হুমায়ূন কবির, কামরুল হাসান চুন্নু সাউদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, মহানগরের সভাপতি বিষ্ণপদক সাহা, সহ-সভাপতি সাংবাদিক উত্তম কুমার সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস,বাপ্পী রায় চৌধুরী, বন্দর থানা বিএনপি’র সভাপতি শাহেন শাহ্ আহমেদ, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর খান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন উর রশীদ লিটন, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন শিশির, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম, মহানগর ওলামা দলের আহ্বায়ক হাফেজ শিবলী, মহানগর জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাধীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন