নারায়ণগঞ্জ  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬

ডিসেম্বর শুরুর আগেই বালিশ-কম্বল গুছাতে শুরু করেছে : অয়ন ওসমান

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৩৮, ২৩ নভেম্বর ২০২৬

ডিসেম্বর শুরুর আগেই বালিশ-কম্বল গুছাতে শুরু করেছে : অয়ন ওসমান

‎নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন ওসমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নারায়ণগঞ্জ বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের উদ্দেশ্যে নানা মন্তব্য করেছেন। সোমবার (২৩ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, সঠিক পথে ছিলাম বলেই বিগত ১৭ বছর বহু হুমকি ও প্রতিকূলতার মুখোমুখি হয়েছি, কিন্তু ভয় পাইনি। অথচ এরা ডিসেম্বর শুরুর আগেই বালিশ-কম্বল গুছাতে শুরু করেছে! 

‎‎‎‎স্ট্যাটাসে অয়ন ওসমান লেখেন, ‘যেখানে শহর জ্বলছে, হাজার হাজার আওয়ামী লীগ নেতা-কর্মীর ওপর নিপীড়ন, নির্যাতন ও অমানবিক অত্যাচার চালানো হচ্ছে, এত বাধা-বিপত্তি সত্ত্বেও হাজার হাজার নেতৃবৃন্দ এখনো নিজেদের শহরকে স্বাধীন করা এবং সবার মৌলিক অধিকার রক্ষায় অক্লান্তভাবে লড়াই করে যাচ্ছেন। আপনাদের প্রতি রইল আমার অফুরন্ত শ্রদ্ধা, ভালোবাসা ও দোয়া।’

‎‎তিনি আরও লেখেন, ‘একজন মুসাফির হিসেবে যতটুকু করা সম্ভব, আমি ততটুকু চেষ্টা করে যাচ্ছি। তবে মূল প্রশংসার হকদার আপনারাই।’

‎‎ফেসবুক পোস্টে বিএনপি-জামায়াতের কিছু ব্যক্তিকে ‘এজেন্ট’ আখ্যা দিয়ে অয়ন ওসমান বলেন, ‘কিন্তু কষ্ট লাগে, যখন দেখি তৈরী গাছ কাটার জন্য বিএনপি-জামায়াতের কিছু এজেন্ট পোকার মতো ছরছর করে বেড়াচ্ছে। তাদের মূল উদ্দেশ্য হলো বিভিন্ন মহলে নেতাকর্মীদের মধ্যে বিভেদ ও দ্বন্দ্ব সৃষ্টি করে নিজেদের দলের কাছে প্রাসঙ্গিক হয়ে ওঠা।’

‎‎নিজের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘সঠিক পথে ছিলাম বলেই বিগত ১৭ বছর বহু হুমকি ও প্রতিকূলতার মুখোমুখি হয়েছি, কিন্তু ভয় পাইনি। অথচ এরা ডিসেম্বর শুরুর আগেই বালিশ-কম্বল গুছাতে শুরু করেছে!’

‎‎রাজনীতি ও কমিটি নিয়ে নিজের অবস্থান তুলে ধরে অয়ন ওসমান লেখেন, ‘রাজনীতি, কমিটি—এসব কখনো আমার মাথাব্যথার বিষয় ছিল না, এখনো নেই। কিন্তু কষ্ট লাগে যখন দেখি, একটি শিল্পশহরকে রাতারাতি দেউলিয়া করে দেওয়া হয়। শ্রমিক ভাই-বোনদের অধিকার আদায়ের লড়াইয়ে নিজেদের প্রাণ দিতে হয়। দফায় দফায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনের শিকার হতে হয়, এমনকি জীবনও দিতে হয়।’

‎‎সবশেষে নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে তিনি লেখেন, ‘কারণ, সন্ত্রাসীরা এখন প্রকাশ্যে অবাধে চলাফেরা করছে। কোথাও যেন আইনের শাসন নেই, নেই সাধারণ মানুষের নিরাপত্তা। মানুষের অধিকার, শ্রমিকের নিরাপত্তা এবং একটি শিল্পশহরের ভবিষ্যৎ নিয়ে আর কতদিন এমন উদাসীনতা চলবে?’

‎‎অয়ন ওসমানের এই ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

 

আরও পড়ুন