নারায়ণগঞ্জ  শুক্রবার   ৩০ অক্টোবর ২০২৬

রেড ক্রিসেন্টের নির্বাচন: নবী হোসেন-টিপু প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:০৭, ২৯ অক্টোবর ২০২৬

রেড ক্রিসেন্টের নির্বাচন: নবী হোসেন-টিপু প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ উপলক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ নবী হোসেন ও অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বাধীন প্যানেল পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ ক্লাবে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। এসময় তিনি প্যানেল পরিষদের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

প্যানেল পরিষদে ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট মোহাম্মদ নবী হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্যদিকে সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু। যার ব্যালট নাম্বার ১ (এক)।  কার্যকরী সদস্য পদে এ প্যানেলের প্রার্থী হিসেবে রয়েছেন অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির (ব্যালট নং ১), অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন (ব্যালট নং ২), মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ( ব্যালট নং ৫) , ফতেহ মোহাম্মদ রেজা রিপন ( ব্যালট নং ৩) ও রিয়াদ মোহাম্মদ চৌধুরী (ব্যালট নং ৪)।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। পরে সাধারণ ও আজীবন সদস্যদের মতামত জানতে চাইলে কয়েকজন সদস্য নিজেদের অভিব্যক্তি তুলে ধরেন এবং নির্বাচনে অংশ নেওয়া প্যানেলের প্রার্থীদের সাফল্য কামনা করেন।

পরিচিতি সভায় প্যানেল পরিষদের প্রার্থীরা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। নির্বাচিত হলে রেড ক্রিসেন্টের কার্যক্রম আরও গতিশীল করা, সংগঠনকে এগিয়ে নেওয়া এবং নারায়ণগঞ্জের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানান তাঁরা।

সভায় রেড ক্রিসেন্টের প্রায় তিন শতাধিক ভোটার উপস্থিত ছিলেন।

বক্তারা জানান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিটে এর আগে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে কার্যনির্বাহী কমিটি নির্বাচনের আয়োজন হয়নি। এবারই প্রথম ভোটের আয়োজন করা হয়েছে বলে তাঁরা উল্লেখ করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন