শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:২৮, ২৯ অক্টোবর ২০২৬
ফতুল্লায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি পালন করেছেন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও ফতুল্লা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল হোসেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শিবু মার্কেট, দরগাবাড়ি, লামাপাড়াসহ আশপাশের এলাকায় ফগার মেশিন দিয়ে মশা নিধনে স্প্রে করা হয়।
জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্যসচিব মশিউর রহমান রনি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবের দিকনির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় কুতুবপুর ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমসহ স্থানীয় যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচি শেষে রুবেল হোসেন বলেন, জাতীয়তাবাদী যুবদল গত ১৭ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিল। ওই সময়ে চাইলেও জনগণের চাহিদা অনুযায়ী কল্যাণমূলক কাজ করার সুযোগ সীমিত ছিল। তবে ৫ আগস্টের পর থেকে যুবদল জনগণের কল্যাণে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, “তারেক রহমানের নির্দেশনায় আমরা যেভাবে রাজপথে সক্রিয় ছিলাম, একইভাবে এখন মানবসেবায় নিজেদের নিয়োজিত করেছি।”
উল্লেখ্য, যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাত দিনের কর্মসূচি হাতে নিয়েছেন রুবেল হোসেন। এর অংশ হিসেবে ২৭ অক্টোবর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে র্যালি বের করা হয়।
২৮ অক্টোবর আয়োজন করা হয় বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্পের। কর্মসূচির তৃতীয় দিনে ২৯ অক্টোবর ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। ফতুল্লা থানা যুবদলের ব্যানারে এসব কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানা গেছে।