শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:৪৭, ২২ জুন ২০২৬
আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম ভূঁইয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গন ও তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
দীর্ঘদিনের রাজনৈতিক সক্রিয়তা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতার কারণে স্থানীয়দের একটি বড় অংশ তাকে চেয়ারম্যান পদে দেখতে আগ্রহ প্রকাশ করছেন।
জানা যায়, ছাত্রজীবন থেকেই খোরশেদ আলম ভূঁইয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি ও তার পরিবারের সদস্যরা বিভিন্ন মামলা, হামলা এবং হয়রানির শিকার হন। রাজনৈতিক প্রতিকূলতা সত্ত্বেও তিনি দলীয় কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ অব্যাহত রাখেন।
দলীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নির্দেশনায় তিনি ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে অংশগ্রহণ করেন।
এ সময় তার বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা দায়ের করা হয় এবং ব্যবসায়িক কার্যক্রমও বাধাগ্রস্ত হয়। এমনকি তাকে না পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী তার ভাইকে আটক করে এবং তার বাবা-মাকেও মামলায় আসামি করা হয় বলে অভিযোগ রয়েছে।
নেতাকর্মীরা জানান, রাজনৈতিক জীবনে খোরশেদ আলম ভূঁইয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন। বর্তমানে আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব হিসেবে সংগঠনকে সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছেন। দলীয় রাজনীতির কারণে তাকে তিনবার কারাবরণ করতে হয়েছে। রাজনীতির প্রতি ভালোবাসার কারণে তিনি ব্যক্তিগত জীবনের অনেক সুযোগ-সুবিধাও ত্যাগ করেছেন বলে নেতাকর্মীদের দাবি।
তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বলেন, দলের দুঃসময়ে খোরশেদ আলম ভূঁইয়াকে সবসময় মাঠে পাওয়া গেছে। তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখার চেষ্টা করেছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক, মানবিক ও সেবামূলক কার্যক্রমেও তিনি সক্রিয় রয়েছেন।
স্থানীয়দের মতে, খোরশেদ আলম ভূঁইয়া একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনৈতিক নেতা। তিনি নিয়মিত বিভিন্ন ক্রীড়া ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে তরুণ সমাজকে উৎসাহিত করে আসছেন। ফলে সাতগ্রাম ইউনিয়নে তার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
এ বিষয়ে আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম ভূঁইয়া বলেন, “দলের আদর্শ ও নীতির প্রতি আস্থা রেখে দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছি। নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ সাহেবের দিকনির্দেশনায় কাজ করছি।
দল যদি আমাকে দায়িত্ব দেয় এবং জনগণ পাশে থাকে, তাহলে আগামী সাতগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, জনসেবা এবং সার্বিক কল্যাণে কাজ করবো, ইনশাআল্লাহ।”
সাতগ্রাম ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থী হিসেবে খোরশেদ আলম ভূঁইয়ার নাম ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। তৃণমূল নেতাকর্মীদের একাংশ মনে করছেন, দলীয় সমর্থন পেলে তিনি নির্বাচনে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবেন।