শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:৪৭, ৩০ জুন ২০২৬
সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের দক্ষিণ দামেরদী এলাকায় মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ১৩১ সদস্যবিশিষ্ট একটি মাদকবিরোধী কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৩০ জুন) বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক সভায় এ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে এলাকার যুবসমাজ, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়।
সভায় জানানো হয়, সমাজ থেকে মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি, মাদকসেবন ও মাদক কারবারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় সহযোগিতা করাই নবগঠিত কমিটির মূল লক্ষ্য। পাশাপাশি এলাকায় নিয়মিত সচেতনতামূলক সভা, প্রচারণা ও সামাজিক কার্যক্রম পরিচালনারও পরিকল্পনা নেওয়া হয়েছে।
উপস্থিত বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এটি ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় নেতা, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে। দক্ষিণ দামেরদী এলাকায় মাদকের বিস্তার রোধে নবগঠিত এই কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। এটি শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দেয়। তাই মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর সমাজ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৩১ সদস্যের এই মাদকবিরোধী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবেন, মাদকসেবন ও মাদক কারবারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলবেন এবং প্রয়োজন হলে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন।
তিনি আরও বলেন, এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা পেলে দক্ষিণ দামেরদীকে একটি মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব। তরুণদের খেলাধুলা, শিক্ষা ও বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে তাদের মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ধারাবাহিক উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারা মনে করেন, এ ধরনের সামাজিক উদ্যোগ মাদক প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়াবে এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের প্রত্যাশা, নবগঠিত কমিটি নিয়মিত কার্যক্রম পরিচালনার মাধ্যমে এলাকায় মাদকবিরোধী আন্দোলনকে আরও বেগবান করবে।