নারায়ণগঞ্জ  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬

প্রতি শনিবার এক ঘণ্টা পরিচ্ছন্নতা কর্মসূচিতে সবাইকে অংশ নিতে হবে : সাখাওয়াত

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৪৭, ৬ অক্টোবর ২০২৬

প্রতি শনিবার এক ঘণ্টা পরিচ্ছন্নতা কর্মসূচিতে সবাইকে অংশ নিতে হবে : সাখাওয়াত

‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ এই স্লোগানে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা, পরিচ্ছন্নতা অভিযান ও এইচপিভি টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

‎‎মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের এসও বাসস্ট্যান্ড এলাকার এম.এ স্বপন ইসলামিক মডেল স্কুলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান।

‎‎প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এই শিশুরাই আগামীর বাংলাদেশ। তারাই একদিন বাংলাদেশকে বিশ্বের দরবারে সুখী ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবে। তাই প্রতিটি শিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

‎‎পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে সাখাওয়াত হোসেন খান বলেন, ধর্মীয় ও সামাজিকভাবে পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, আঙ্গিনা ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

‎‎তিনি আরও বলেন, প্রতি শনিবার এক ঘণ্টা করে পরিচ্ছন্নতা কর্মসূচিতে সবাইকে অংশ নিতে হবে। বিশেষ করে নিজ বাড়ি, বাড়ির আঙ্গিনা, বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও স্কুল প্রাঙ্গণ পরিষ্কার রাখার মাধ্যমে রোগের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

‎‎তিনি বলেন, সামান্য সচেতনতার মাধ্যমেই একটি পরিবারকে ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি থেকে রক্ষা করা সম্ভব। তাই শিশু, শিক্ষক, অভিভাবকসহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে হবে।

এম.এ স্বপন ইসলামিক মডেল স্কুলের সভাপতি এস এম আসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোস্তাফা, মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, শিক্ষক-শিক্ষার্থী, সংশ্লিষ্ট ওয়ার্ডের সচিব ও সুপারভাইজার এবং সিটি কর্পোরেশনের মশক নিধন কর্মীরা।

‎

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন