নারায়ণগঞ্জ  শুক্রবার   ৩০ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে জমি দখলের পাঁয়তারায় প্রাণনাশের হুমকি : পুলিশের নোটিশ জারি

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৪৫, ২৮ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে জমি দখলের পাঁয়তারায় প্রাণনাশের হুমকি : পুলিশের নোটিশ জারি

সিদ্ধিরগঞ্জের সিআইখোলা আটি মৌজায় ১৫ শতাংশ জমি জবরদখলের অপচেষ্টা ও ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকির ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ সোহেল বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং জমিটি রক্ষায় আদালতের সুনির্দিষ্ট নির্দেশে বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উভয় পক্ষকে নোটিশ জারি করেছে থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, কদমতলী উত্তরপাড়ার মো. সোহেল গত ১৫ অক্টোবর মূল মালিক মো. কামরুল ইসলামের কাছ থেকে আটি মৌজার (আরএস-৩৬২ দাগের) ১৫ শতাংশ জমির অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি গ্রহণ করেন।

গত ২০ অক্টোবর সকালে সিআইখোলা এলাকার মিঠু, জামান ও খোরশেদের নেতৃত্বে ১০-১২ জনের একটি সন্ত্রাসী দল ওই জমিতে জোরপূর্বক স্থাপনা নির্মাণ করতে যায়। এতে বাধা দিলে আমমোক্তার গ্রহীতা মো. সোহেলকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় জমির মালিকানা ও শান্তি-শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় আদালতে ১৪৫ ধারায় পিটিশন মামলা (নং- ৬৫৬/২৬) দায়ের করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়ালি উল্লাহ জানান, আদালতের নির্দেশ অনুযায়ী জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উভয় পক্ষকে নোটিশ দেওয়া হয়েছে।

আগামী ১৮ জানুয়ারি সকালে স্ব-স্ব বৈধ কাগজপত্রসহ উভয় পক্ষকে থানায় উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি পুলিশের নজরদারিতে রয়েছে।
‎

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন