শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৪৮, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:৫৪, ২২ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেছেন, “তোমরাই আড়াইহাজারের ভবিষ্যৎ, তোমরাই আগামী বাংলাদেশের ভবিষ্যৎ। তাই তোমাদের ভালোভাবে লেখাপড়া করতে হবে এবং নিজেদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে কলেজ ও আড়াইহাজারের সুনাম-সমৃদ্ধি আরও বৃদ্ধি পায়।”
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় সরকারি সফর আলী কলেজের ২০২৬ বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ, এমপি নজরুল ইসলাম আজাদকে সংবর্ধনা এবং ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্ট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আজাদ বলেন, “পুরাতন চলে যায়, নতুন আসে—এটাই প্রকৃতির নিয়ম। পুরনো শিক্ষার্থীরা বিদায় নেবে, নতুন শিক্ষার্থীরা কলেজে আসবে। আজ যারা নবীন হিসেবে কলেজে এসেছো, তোমাদের মনে রাখতে হবে কীভাবে এই কলেজের সুনাম ও সমৃদ্ধি বাড়ানো যায় এবং আড়াইহাজারের সুনাম বৃদ্ধি করা যায়। এজন্য মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে।”
তিনি বলেন, শিক্ষার্থীদের আনন্দ ও বিনোদনের পাশাপাশি একটি সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করতে তিনি কাজ করে যাচ্ছেন বলেও জানান।
নজরুল ইসলাম আজাদ আরও বলেন, “আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক প্রধানমন্ত্রী। তিনি ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাসহ তাদের সার্বিক বিষয়ের প্রতি গুরুত্ব দিয়েছেন। আমি তারেক রহমানের একজন কর্মী ও সৈনিক হিসেবে আড়াইহাজারের ছাত্র-ছাত্রীদের জন্য সুন্দর, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশ গড়ে তুলতে কাজ করার চেষ্টা করছি এবং ভবিষ্যতেও কাজ করে যাবো, ইনশাআল্লাহ।”
কলেজের শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীদের ফলাফল আরও ভালো করতে কোথায় সমস্যা রয়েছে তা চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নিজেদের নৈতিক ও মানবিক গুণাবলি বিকাশের আহ্বান জানান তিনি।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে এমপি আজাদ বলেন, “তোমরাই আড়াইহাজারের ভবিষ্যৎ, তোমরাই আগামী বাংলাদেশের ভবিষ্যৎ। তাই তোমাদের সঠিকভাবে লেখাপড়া করতে হবে। আমি তোমাদের পাশে আছি, ভবিষ্যতেও পাশে থাকবো। সবাই ভালো থেকো, ইনশাআল্লাহ আবার দেখা হবে।”
নবীনবরণ অনুষ্ঠানের পর ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি আরও উৎসবমুখর হয়ে ওঠে।