শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৭:২৭, ২৫ নভেম্বর ২০২৬
রূপগঞ্জে সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য, নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুবের নেতৃত্বে মোটরসাইকেল মহড়া করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। বুধবার (২৫ নভেম্বর) দিনব্যাপী এ মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়াটি উপজেলার ৩০০ ফুট সড়ক, ঢাকা বাইপাস সড়ক ও ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান।
মহড়ায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব বলেন, “আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশনায় আমরা রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এই মোটরসাইকেল মহড়া করছি।”
তিনি বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
মহড়ায় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আলী আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মফিজুল ইসলাম, জেলা নেতা রিপন, জসিম উদ্দিন, বাদশা, মমিন উদ্দিন, আয়নাল, গোলাম মোহাম্মদ, শফিক ও ইয়াছিনসহ স্থানীয় নেতাকর্মীরা।