নারায়ণগঞ্জ  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬

মেঘনাঘাটের ২ বিদ্যুৎকেন্দ্রের পরিবেশ ও অর্থনৈতিক প্রভাব মূল্যায়নের দাবি

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৩৩, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:৩৪, ২৫ নভেম্বর ২০২৬

মেঘনাঘাটের ২ বিদ্যুৎকেন্দ্রের পরিবেশ ও অর্থনৈতিক প্রভাব মূল্যায়নের দাবি

গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের পরিবেশগত, সামাজিক, জনস্বাস্থ্যগত ও অর্থনৈতিক প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ ও জ্বালানি খাতের সংগঠকরা।

ইউনিক মেঘনাঘাট ৫৮৪ মেগাওয়াট এবং রিলায়েন্স মেঘনাঘাট ৭১৮ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রমের ফলে স্থানীয় জনগণ, পরিবেশ ও দেশের অর্থনীতির ওপর কী ধরনের প্রভাব পড়ছে, তা স্বাধীন গবেষণার মাধ্যমে বিস্তারিত মূল্যায়নের দাবি জানিয়েছেন তারা।

বুধবার  (২৫ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়ায় পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির  নিজ কার্যালয়ে আয়োজিত এক পরামর্শ সভায় বক্তারা এসব কথা বলেন। বিদ্যুৎকেন্দ্র দুটির প্রভাব মূল্যায়ন এবং সংশ্লিষ্ট অংশীজনদের মতামত ও সুপারিশ গ্রহণের লক্ষ্যে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি (ঊঝঅউঝ), ক্লিন (ঈখঊঅঘ) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (ইডএঊউ) যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

সভায় বক্তারা বলেন, বৃহৎ এই বিদ্যুৎকেন্দ্রগুলোর কার্যক্রমের ফলে বায়ুতে দূষণকারী উপাদান ও গ্রিনহাউস গ্যাস নিঃসরণ, পানির অতিরিক্ত ব্যবহার, পরিবেশ দূষণ এবং স্থানীয় জনগণের জীবন-জীবিকা ও প্রাকৃতিক সম্পদের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এসব প্রভাব স্বাধীন গবেষণা, নিয়মিত পরিবেশগত পর্যবেক্ষণ এবং ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে মূল্যায়ন করা অত্যন্ত জরুরি।

প্রকল্পগুলোর অর্থায়ন ও জবাবদিহিতার প্রসঙ্গ তুলে ধরে বক্তারা জানান, ইউনিক মেঘনাঘাট ৫৮৪ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রটি ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের (ইউএমপিএল) অধীনে পরিচালিত হচ্ছে, যেখানে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি)-এর অর্থায়ন রয়েছে।

অন্যদিকে, রিলায়েন্স মেঘনাঘাট ৭১৮ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রটি রিলায়েন্স বাংলাদেশ এলএনজি অ্যান্ড পাওয়ার লিমিটেডের অধীনে পরিচালিত এবং এতে অর্থায়ন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রকল্পগুলোর পরিবেশগত ও সামাজিক সুরক্ষা ব্যবস্থা, পর্যবেক্ষণ কার্যক্রম এবং বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক অর্থায়নকারী সংস্থাগুলোর জবাবদিহিতা যথাযথভাবে পর্যালোচনার আহ্বান জানান তারা।

পরামর্শ সভায় গ্যাস ও এলএনজি-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের অর্থনৈতিক প্রভাবের বিষয়টিও গুরুত্বের সঙ্গে উঠে আসে। বক্তারা বলেন, জ্বালানি আমদানির উচ্চ ব্যয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ, বিদ্যুৎ উৎপাদন খরচ এবং বিদ্যুৎ খাতের সার্বিক আর্থিক ব্যবস্থাপনার ওপর এসব প্রকল্পের প্রভাব খতিয়ে দেখা প্রয়োজন।

প্রকল্পগুলোর প্রত্যক্ষ ও পরোক্ষ অর্থনৈতিক ব্যয় এবং সুফল বিবেচনা করে একটি পূর্ণাঙ্গ মূল্যায়ন পরিচালনার দাবি জানানো হয় সভা থেকে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, মহাসচিব মীযানুর রহমান, সোনারগাঁ শাখা কমিটির সভাপতি ফজলুল হক ভূঁইয়া, মোহাম্মদ আলী আনিস, মঞ্জুরুল ইসলাম ডালিম, জামান মিয়া ও আল-আমিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন