শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৮:৪০, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৪১, ২৬ নভেম্বর ২০২৬
মজুরি বোর্ড ঘোষিত বেতন কাঠামো ও বকেয়া বেতনের দাবিতে ফতুল্লার লিবার্টি নিটওয়ার ও উইজডম অ্যাপারেলস লিমিটেড শ্রমিকেরা কর্মবিরতি পালন করেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে এ কর্ম বিরতি পালন করে তারা। শ্রমিকদের অসন্তোষ মোকাবেলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিলেন।
এ বিষয়ে লিবার্টি গার্মেন্টসের শ্রমিকরা জানায়, মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাদের বেতন কাঠামোতে তারা সন্তুষ্ট নয়। পাশাপাশি কারখানার দক্ষ ও জোষ্ঠ শ্রমিকদের গ্রেট বাড়ানোর দাবি করেন তারা। অন্যদিকে উইজডম গার্মেন্টস শ্রমিকরা দুই দিন ধরে তাদের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি পালন করেছেন।
এ বিষয়ে শিল্প পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, সকাল থেকে শ্রমিকরা তাদের দাবি দাওয়া নিয়ে কর্মবিরতি পালনে জড়ো হন। তবে কারখানার মালিক কর্তৃপক্ষের সাথে শ্রমিক প্রতিনিধিদের আলাপ আলোচনায় শেষে তারা কাজে যোগদান করেছেন।
এ সময় তিনি বলেন মজুরি বোর্ডের সিদ্ধান্তকে শ্রমিকরা সাধুবাদ জানিয়েছেন। তবে কারখানার আভ্যন্তরীণ বিষয় নিয়ে শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। কোন প্রকার ঝামেলা ছাড়াই বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এবিষয়ে ফতুল্লা থানার (ওসি) মাহবুবুর রহমান জানান, ভ্রান্ত ধারণা নিয়ে শ্রমিকরা কর্মবিরতি পালনের উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন। পরে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা তাদের বুঝিয়ে কাজে ফিরিয়ে আনেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।